মুম্বই: সকাল থেকেই অবরুদ্ধ মুম্বইয়ের কান্দিভালির লিংক রোড। মুম্বইয়ে মারাঠি না জানা নিয়ে অটো রিকশ এবং ট্যাক্সি চালকদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। এর প্রতিবাদে সোমবার থেকে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে শুরু বিক্ষোভ। চালকদের মতে, মারাঠি ভাষা শেখা নিয়ে এভাবে জোর জবরদস্তি অন্যায়। চলতি বছরের শুরুতে মহারাষ্ট্র ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটি নির্দেশিকায় জানায়, রাজ্যের সরকারি ভাষা
মারাঠি। তাই রাজ্যের সকল অটো রিকশ এবং ট্যাক্সি চালককে সেই ভাষা শিখতেই হবে। ভাঙা ভাঙা বা চলনসই নয়। রীতিমতো সড়গড় হতে হবে সকলকে। মারাঠি শেখার জন্য ১৫ আগস্টের টাইম লাইন বেধে দিয়েছিল পরিবহণ দপ্তর। সেই সময় উত্তীর্ণ হওয়ার পরেই মারাঠি আয়ত্ত করতে অপারগ চালকদের ধরপাকড় শুরু হয়েছে। নেওয়া হচ্ছে চড়া অংকের জরিমানা। মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ স্বার্ণিক অবশ্য দাবি করেছেন, সরকারের সিদ্ধান্তে ইতিবাচক সাড়া মিলেছে। পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, রাজ্যে ৯ লক্ষ ৬৫ হাজার অটো রিকশ এবং ট্যাক্সি চালক রয়েছেন। এঁদের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার মারাঠি ভাষা শিক্ষার প্রশিক্ষণ শেষে শংসাপত্র পেয়েছেন। তবে চালকদের হেনস্তা কমছে না। রাজ্যের আরটিওগুলির পক্ষ থেকে চালকরা মারাঠি ভাষা জানেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশ করতে ব্যর্থদের মারাঠি শেখার জন্য একমাসের সময় দিয়ে নোটিস ধরাচ্ছেন আরটিও আধিকারিকরা। এই সময়ের মধ্যে মারাঠি শিখতে না পারলে গাড়ি চালানোর যোগ্যতা হিসাবে চালকদের যে ব্যাজ দেওয়া হয়, তা তিনমাসের জন্য কেড়ে নেওয়া হবে। এরপরও ভাষা শিখতে ব্যর্থ হলে পারমিট এবং ব্যাজ দু’টোই কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।