আল নাসের- ৩ : দিরিয়া- ০
রিয়াধ: কোচ জর্জ হেসাসের সঙ্গে সংঘাতের জেরে আপাতত জাতীয় দলের দরজা বন্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ফিফা উইন্ডোর মাঝপথে শিবির ছাড়ার কারণে শাস্তির কবলে পড়তে চলেছেন পর্তুগিজ মহাতারকা। শনিবারই পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনাল্ডোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রের খবর, এক মাস থেকে ছয় মাস পর্যন্ত জাতীয় দল থেকে নির্বাসিত হতে পারেন সিআরসেভেন। সেক্ষেত্রে নেশনস লিগের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলির পাশাপশি নক-আউটেও তাঁকে দেশের জার্সিতে না-ও দেখা যেতে পারে। এমনকি, শাস্তি ঘোষণার পরই রোনাল্ডো আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে রোনাল্ডোর এখন পাখির চোখ কেরিয়ারের ১০০০ গোলের মাইলস্টোনে। আর ক্লাব জার্সিতেও সেই লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর তিনি। সেই মতো শুক্রবার সৌদি প্রো লিগে দিরিয়ার বিরুদ্ধে ৯৮০তম গোলটি সেরে ফেললেন সিআরসেভেন।
জাতীয় শিবির ছাড়ার পর শনিবারই প্রথম মাঠে নেমেছিলেন রোনাল্ডো। এদিন ঘরের মাঠে দলের সেরা তারকাকে রাজকীয়ভাবে বরণ করে নেন আল নাসের অনুরাগীরা। ম্যাচের শুরুতে গ্যালারিতে নামানো হয় বিশাল টিফো। তাতে লেখা, ‘গ্রেটনেস ইজ রোনাল্ডো।’ একইসঙ্গে ম্যাচের সপ্তম মিনিটে গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। অনুরাগীদের এই ভালোবাসা গোলের মাধ্যমে প্রতিদান দিলেন তিনি। ২৩ মিনিটে কিংসলে কোম্যানের শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাত থেকে ছিটকে বেরিয়ে আসতেই, পালটা বল জালে জড়ান সিআরসেভেন। এরপরই নিজের চেনা সিউউউ.. সেলিব্রেশনে মাতেন তিনি। ম্যাচে রোনাল্ডোর পাশাপাশি জাল কাঁপান স্যামু কোস্তা ও কোম্যান। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে রইল আল নাসের। একই পয়েন্ট নিয়ে শীর্ষে আল কুয়াদসিয়া।



