Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের পুজোর স্টল করতে বাধা ও মারধর বনগাঁয়

সিপিএমের পুজোর স্টল ঘিরে উত্তেজনা বনগাঁয়। স্টল তৈরি করা নিয়ে মঙ্গলবার সকালে বচসায় জড়ায় সিপিএম সমর্থক ও হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা

সিপিএমের পুজোর স্টল করতে বাধা ও মারধর বনগাঁয়
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সিপিএমের পুজোর স্টল ঘিরে উত্তেজনা বনগাঁয়। স্টল তৈরি করা নিয়ে মঙ্গলবার সকালে বচসায় জড়ায় সিপিএম সমর্থক ও হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। জানা গিয়েছে, এদিন সকালে বনগাঁ শহরে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মার্কসীয় ও প্রগতিশীল পত্র পত্রিকার বিক্রয় কেন্দ্র করতে যায় সিপিএম। অভিযোগ, সেই সময় হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য এসে বাধা দেয়। তাঁদের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের বচসা হয়। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, এরপর সিপিএম কার্যালয়ের সামনে নিজেদের সংগঠনের স্টলের কাজ শুরু করে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ দু’পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সিপিএমের স্টল করা নিয়ে অনিশ্চয়তা থেকেই গিয়েছে। এবিষয়ে সিপিএমের বনগাঁ এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, ১৯৬৩ সাল থেকে আমাদের কার্যালয়ের সামনের জায়গায় পুজোর সময় মার্কসীয় ও প্রগতিশীল পত্রপত্রিকার বিক্রয় কেন্দ্র করে আসছি। আজ স্টলের কাজ শুরু হতেই কয়েকজন যুবক হিন্দু জাগরণ মঞ্চের সদস্য পরিচয় দিয়ে কাজে বাধা দেয়। আমাদের সমর্থকদের মারধর করে। সিপিএমের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতের মধ্যে সমস্যা না মিটলে বুধবার পথে নামবেন তাঁরা। পাশাপশি সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে মহকুমায় তাঁদের একাধিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এবিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের বনগাঁ নগর সংযোজক কিঙ্কর সাহা বলেন, আমরা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে আজ ওখানে একটি স্টল করতে গিয়েছিলাম। সিপিএমের সদস্যরা আমাদের উপর হামলা করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ