নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের একাংশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ক্ষোভপ্রকাশ করলেন সিপিএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বেশি জ্ঞান না দিয়ে নিজের বুথগুলো দেখেন বিপ্লবী কমরেডরা। নিজেদের বুথে আপনি সিপিএম, এটা মানুষ জানে তো? তারপর সমালোচনা করবেন।’ আরও জানান যে, তিনি নিজের বুথে গত বিধানসভা ভোটে ৩৫০ ভোটে এগিয়ে ছিলেন। এখন প্রশ্ন উঠছে, কেন সোশ্যাল মিডিয়ায় একথা লিখলেন ডোমকলের বিধায়ক? তাঁকে ফোন করা হলেও বিষয়টি খোলসা করেননি রানা। সদ্য রাজ্য কমিটিতে জায়গা পাওয়া বিধায়ক কথাগুলি পার্টির ভিতরে জানালেন না কেন? তাঁর কথায়, ‘যা বলার ওখানেই বলেছি। আমার মনে হয়েছে এখন সকলকে নিজের নিজের বুথে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সেই কারণেই লিখেছি।’ যদিও সোশ্যাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করার মিনিট ১৫ পর্যন্ত তাঁর সঙ্গে পার্টির কোনো নেতা যোগাযোগ করেননি বলেই জানিয়েছেন রানা।



