Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএম বিলুপ্ত ডাইনোসর, কেউটের সঙ্গে তুলনা বিজেপির, কটাক্ষ দেওয়াল লিখনে

৬ কোটি ৬০ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়েছিল। কিন্তু ভোটের উত্তাপ বাড়তেই সল্টলেকে হাজির ডাইনোসর! তবে সশরীরে নয়। ভোটের দেওয়াল লিখনে।

সিপিএম বিলুপ্ত ডাইনোসর, কেউটের সঙ্গে তুলনা বিজেপির, কটাক্ষ দেওয়াল লিখনে
  • ৩১ মার্চ, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

অলকাভ নিয়োগী, বিধাননগর: ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়েছিল। কিন্তু ভোটের উত্তাপ বাড়তেই সল্টলেকে হাজির ডাইনোসর! তবে সশরীরে নয়। ভোটের দেওয়াল লিখনে। বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীর সঙ্গে সিপিএমের তুলনা করে লেখা হয়েছে দেওয়াল। এছাড়া সল্টলেকে ঘুরে বেড়াচ্ছে বিষধর কেউটে সাপও। তাদের তুলনা করা হয়েছে বিজেপির সঙ্গে। এভাবে বিরোধীদের কটাক্ষ করেছে তৃণমূল। সল্টলেক শুধু নয় নিউটাউন থেকে রাজারহাট, সর্বত্রই দেওয়াল লিখনে অভিনবত্ব। রং-তুলি দিয়ে রঙিন আক্রমণ। নামী শিল্পীদের হাজির করেছেন তৃণমূল নেতারা। শিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। ছবি-লেখায় আক্রমণ থেকে উন্নয়ন সবই তুলে ধরা হচ্ছে।

Advertisement

নির্বাচন মানেই দেওয়াল লিখন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়লেও পুরনো ধাঁচের প্রচার এখনও বন্ধ হয়নি। নামী শিল্পীদের কদর বাড়ছে। সল্টলেক বালির মাঠ সংলগ্ন দেওয়াল লিখনে ডাইনোসর নজর কাড়ছে। ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে এই দেওয়াল। সেখানে বিশাল বড়ো একটি ডাইনোসর আঁকা হয়েছে। গায়ের রং হাল্কা সবুজ। সিপিএমকে বিলুপ্ত ডাইনোসরের সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে কটাক্ষ করে লেখা, ‘ডাইনোসর ফিরলেও ফিরতে পারে, কিন্তু সিপিএম আর ফিরবে না’। ওই একই দেওয়ালে এসআইআর নিয়েও দেওয়াল লেখা হয়েছে। লেখা, ‘যতই কর এসআইআর, এই বাংলা মমতার’। পাশে অন্য একটি দেওয়াল লিখনে বিষধর কেউটের সঙ্গে বিজেপির তুলনা করা হয়েছে। দেওয়ালে আঁকা সাপ। তার পাশে কটাক্ষ করে লেখা, ‘পদ্মফুলে দিলে ছাপ, ঘুরে ঢুকবে কেউটে সাপ’। অন্যদিকে রাজারহাট-গোপালপুর কেন্দ্রে সিপিএম কাস্তে, হাতুড়ি, তারার পাশে লিখেছে, ‘ফিনিশ নয়, ফিনিক্স’। সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্তর সমর্থনে দেওয়াল লিখনে জনপ্রিয় গানের সুরে তুলে ধরা হয়েছে দিনবদলের স্বপ্ন। সেখানে লেখা, ‘এইটা তোমার গান, তুমি ভুখা পেটের গরম ভাতের খোঁজ, তুমি দিনবদলের স্বপ্ন দেখাও রোজ।’
রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের সমর্থনে অভিনব দেওয়াল লেখা হয়েছে সর্বত্র। সেখানে ছবি এঁকে রঙিন দেওয়াল লিখন হয়েছে। দক্ষ শিল্পী ১০ মিনিটেই লিখে ফেলছেন দেওয়াল। প্রার্থীর প্রচারের সঙ্গে তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী প্রকল্পের সচিত্র কাহিনি। ডাইনোসর, কেউটে নিয়ে দত্তাবাদের তৃণমূল নেতা তথা ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার নির্মল ঘোষ বলেন, ‘বাংলার মানুষ সিপিএমকে বিলুপ্ত করে দিয়েছে। ওরা এখন ডাইনোসর। বিজেপি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার ঐতিহ্য নষ্ট করছে। ওরা বিষধর কেউটে। বাংলার মানুষ এই নির্বাচনে বিজেপিকে বিসর্জন দেবে।’ ডাইনোসর প্রসঙ্গে বিধাননগরের সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা বলেন, ‘ওঁরা আসলে জানেন না, ডাইনোসররা প্রায় ২০০ মিলিয়ন বছর রাজত্ব করেছিল। অতএব আমরাও বিলুপ্ত হইনি। রাস্তায় রাস্তায় গর্ত বানিয়ে মানুষের জীবন বিপন্ন করে টিএমসিকে কোনো ফসিল খুঁজতে হবে না। সিপিআইএম ফসিল হয়ে যায়নি। বরং আমরা আবার ফিরছি।’ বিষধর কেউটে প্রসঙ্গে বিধাননগরের বিজেপি নেতা ও রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ বলেন, ‘১৫ বছর ধরে তৃণমূলের যে সরকার চলেছে তার চেয়ে বিষাক্ত প্রাণী আর কিছু আছে?’ -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ