লখনউ: জেন জির আন্দোলন নাড়িয়ে দিয়েছে কেন্দ্রের মোদি সরকারকে। চাপে পড়ে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার এই জেন জিকেই গোরু সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝাতে উঠেপড়ে লাগল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। নবীন প্রজন্মকে গো সংরক্ষণের গুরুত্ব বোঝাতে যোগী সরকার ১০ হাজার ‘গৌ মিত্র’ নিয়োগ করতে চলেছে। শুধু গৌ মিত্র নিয়োগ করেই সরকার থেমে থাকছে না। বরং গোরু ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে নিবিড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসাবে গোবর, গোমূত্র, প্রাকৃতিক কৃষি, বায়োগ্যাস এবং অন্য উদ্যোগকেও শামিল করা হবে। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের গো সেবা আয়োগের চেয়ারম্যান শ্যাম বিহারী গুপ্তা বলেন, ‘শিশু এবং যুবকদের গোরু সংরক্ষণের সঙ্গে যুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। দেশীয় প্রজাতির গোরুর প্রজনন, গোরুর সেবা এবং গ্রামীণ অর্থনীতিতে গোরুর গুরুত্ব নিয়ে সচেতনতা চালানো হবে।’ এক আধিকারিক জানিয়েছেন, গো সংরক্ষণ নিয়ে দুই ধাপে প্রচার এবং প্রশিক্ষণ চলবে। প্রথম ধাপে কেবল গো সংরক্ষণ এবং গোরুর সেবায় আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষিতরাই পরবর্তী ধাপে অন্যদের প্রশিক্ষণ দেবেন। ওই আধিকারিক আরও বলেন, উত্তরপ্রদেশের জেন জিদেরই প্রাথমিকভাবে গো সংরক্ষণের প্রতি আগ্রহী করার দিকে নজর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এখন উত্তরপ্রদেশে সাড়ে সাত হাজার সরকারি গোশালা রয়েছে। সেগুলিতে রয়েছে ১২ লক্ষ গোরু।



