Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের আবহেও সৌজন্য, একমঞ্চে শংকর-গৌতম

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী বিধায়ক শংকর ঘোষের তরজায় সরগরম ভোট-যুদ্ধ।

ভোটের আবহেও সৌজন্য, একমঞ্চে শংকর-গৌতম
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী বিধায়ক শংকর ঘোষের তরজায় সরগরম ভোট-যুদ্ধ। গৌতমবাবু কখনো বিজেপি প্রার্থী বিধায়ক শংকর ঘোষকে লালপদ্ম, এআই পদ্ম, সুবিধাবাদি বলে আক্রমণ করছেন। শংকর ঘোষও ছাড়ার পাত্র নন। তিনিও মেয়রকে প্রথম শ্রেণির ছাত্র, জনবিচ্ছিন্ন ও দুর্ব্যবহারের অভিযোগে বিদ্ধ করছেন। এই আবহে শনিবার বিকেলে এক অভিনব দৃশ্য দেখা গেল শিলিগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। একমঞ্চে উপস্থিত থাকলেন তাঁরা দু’জনে। 

Advertisement

এদিন গঙ্গোর উৎসবে অনুষ্ঠানের রেওয়াজ মেনে শংকর ঘোষ ও গৌতম দেব পাগড়ি পরে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন। সৌজন্যতা দেখিয়ে শংকরবাবু গৌতম দেবকে আগে বক্তব্য রাখতে দেন। শংকরের একই মঞ্চে থাকা নিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাই। এবার সময় ছিল, তাই এসেছি। এসে দেখি শংকরও রয়েছেন। এটা সামাজিক অনুষ্ঠান। সকলেই থাকতে পারেন। পুরসভার অন্যান্য কাউন্সিলাররাও অনুষ্ঠানে ছিলেন। 
আর শংকর ঘোষ বলেন, সবার ওপরে আমরা মানুষ। সামাজিক অনুষ্ঠানে সকলেরই  একসঙ্গে থাকা উচিত। আর এটা সারা বছরই মেনে চলা দরকার। কিন্তু কেউ কেউ সেটা মাঝেমধ্যে ভুলে যান। 
কিছুদিন আগে শিলিগুড়ির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা মিত্র সম্মিলনীর বর্ষপূর্তি উৎসবের মঞ্চে গৌতম দেব, শহরে প্রাক্তন দুই মেয়র সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ও কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দত্তকে দেখা গিয়েছিল। যার মধ্য দিয়ে শিলিগুড়ির রাজনৈতিক সৌজন্যতার চিত্র ফুটে উঠেছিল। সেখানে ছিলেন না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিনের অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র ও বিধায়ককে একমঞ্চে দেখে সেই রাজনৈতিক সৌজন্যতার কথাই সকলে বারবার বলেছেন।

সম্পর্কিত সংবাদ