Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন খারিজ আদালতে

গিরিশ পার্কে অশান্তি ও মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা মামলায় ৯ অভিযুক্তের ফের পুলিশ হেপাজতে রাখার আরজি খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার ৯ ধৃতকে ২৩ মার্চ পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।

মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন খারিজ আদালতে
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গিরিশ পার্কে অশান্তি ও মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা মামলায় ৯ অভিযুক্তের ফের পুলিশ হেপাজতে রাখার আরজি খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার ৯ ধৃতকে ২৩ মার্চ পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। এদিন সরকারি আইনজীবী দীপনারায়ণ পাকড়াশি ধৃতদের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ধৃতদের হেপাজতে থাকাকালে তাঁদের জেরা করে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তা নিয়ে তদন্ত চলছে। তাঁদের ফের হেপাজতে নিয়ে আরও জেরা করার দরকার আছে। তাই তাঁদের পুলিশ হেপাজতের প্রয়োজন। তিনি বলেন, মামলার অগ্রগতি এ যাবৎ যা ঘটেছে, তা সমস্ত কেস‑ডায়েরিতে রয়েছে। এরপরই ওই নথি আদালতে পেশ করা হয়। এদিন মামলার শুনানি চলাকালে দু’পক্ষের সওয়ালে উত্তপ্ত হয়ে এজলাস কক্ষ। দু’পক্ষের সওয়ালে চলে তীব্র বাদানুবাদ।  ধৃতদের কৌঁসুলিরা আদালতে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে মক্কেলদের এই মামলায় জড়ানো হয়েছে। শুধু তাই নয়, তাঁদেরকে ‘লঘু’ ধারার পরিবর্তে কড়া ধারায় মামলা করা হয়েছে। আর সরকার পক্ষ থেকে তদন্ত নিয়ে যে আইনি ব্যাখা দিয়েছে আদালতে তা আইনসিদ্ধ নয়। এই মামলায় কোনো অগ্রগতি নেই। একই ঘটনাকে ঘুরিয়ে ফিরিয়ে পুলিশ আদালতে নানা ব্যাখা করছে। এদিন ধৃতদের তরফে আদালতে পুলিশ আক্রান্ত হওয়ার মেডিকেল রিপোর্ট নিয়েও নানা প্রশ্ন তোলা হয়। তাই যে কোনো শর্তে অভিযুক্তদের জামিনের আবেদন জানানো হয়। যদিও সরকার পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তদের ছোড়া ইট, পাথরে একাধিক পুলিশকর্মী আক্রান্ত হয়েছে। মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে যে সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে, তা সিজার লিস্ট এবং আক্রান্তদের মেডিকেল রিপোর্ট এদিন কোর্টে পেশ করা হয়। তার ভিত্তিতে ধৃতদের ফের পুলিশ হেপাজতে পাঠানোর আরজি জানানো হয়। পুলিশের দায়ের করা এই স্বতঃপ্রণোদিত মামলায় ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, সরকারি কাজে বাঁধা, বেআইনি জমায়েত, অস্ত্র দিয়ে আঘাত করা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ