শ্রীনগর: বেআইনি সংগঠন। জঙ্গি কার্যকলাপে জড়িত। এমনই অভিযোগে দেশবিরোধী তথা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার দারুল উলুম জামিয়া সিরাজ-উল-উলুম মাদ্রাসা। বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। বৃহস্পতিবার শুনানি শেষে ওই মাদ্রাসা খোলার নির্দেশ দিল সোপিয়ানের দায়রা আদালত।
বিচারক বলেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত প্রতিষ্ঠানটি পঠনপাঠনের কাজ চালিয়ে যেতে পারবে। এনিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য, অন্তর্বর্তীকালীন নির্দেশে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে চূড়ান্ত রায়দানের দিকে নজর রয়েছে। এই মাদ্রাসায় প্রায় ১ হাজার ২০০ জন পড়ুয়া রয়েছে। এদের মধ্যে ৪০০ জন আবাসিক। চলতি বছরের এপ্রিল মাসে অভিযোগ ওঠে, মাদ্রাসার সঙ্গে জামাত-এ- ইসলামির যোগসূত্র রয়েছে। এরপরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন।