নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড মামলায় আদালত গঠিত জাস্টিস এসপি তালুকদার কমিটির কার্যপদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ১২ বছর ধরে কমিটি ঠিক কী কাজ করেছে, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে কড়া মন্তব্য করেছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আমজনতার রাজকোষের টাকা এভাবে নয়ছয় হচ্ছে কি না, তা নিয়ে বৃহস্পতিবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কমিটিকে।
এদিন আদালত প্রশ্ন তুলেছে, এখনো পর্যন্ত যে ১০৩টি সংস্থা পাঠানো হয়েছে, তাদের মোট কতগুলি কোম্পানি রয়েছে? যেমন রোজভ্যালির ক্ষেত্রে ৫৪টি কোম্পানি ছিল, ফলে সমস্ত কোম্পানি ও তাদের অর্থ চিহ্নিতকরণ জরুরি। দ্বিতীয়ত, ওই সংস্থাগুলির মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত? দ্রুত সম্পত্তি শনাক্ত না করলে তা হাতবদল বা বিক্রি হয়ে যেতে পারে। তৃতীয়ত, মোট কত লক্ষ আমানতকারী রয়েছেন এবং কতজন আবেদন করেছেন, যার ভিত্তিতে আনুপাতিক হারে টাকা ফেরত দেওয়া সম্ভব। আদালত স্পষ্ট জানিয়েছে কমিটির হাতে যথেষ্ট ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করে দ্রুত কাজ শেষ করতে হবে। আগামী ১৯ নভেম্বর পরবর্তী শুনানিতে কমিটিকে ভবিষ্যৎ পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।