


সংবাদদাতা, কাকদ্বীপ: ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। বুধবার ঘটনাটি ঘটেছে কুলপি থানার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুরামপুর এলাকায়। মৃতদের নাম শিবপ্রসাদ মণ্ডল (৭৫), রেণুকা মণ্ডল (৬৫)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবপ্রসাদবাবু ও তাঁর স্ত্রী একটি মাটির ঘরে বসবাস করতেন। দু’জনেই খুব অসুস্থ ছিলেন। রেনুকাদেবী চোখে দেখতে পেতেন না, শিবপ্রসাদবাবুও চোখে খুব কম দেখতেন। বুধবার রাতে দু’জনে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে হঠাৎই তাঁদের উপরে বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে। তখন প্রতিবেশীরা কেউ বিষয়টি জানতে পারেননি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সবার নজরে আসে। সঙ্গে সঙ্গে কুলপি থানায় খবর দেওয়া হয়। পুলিস দম্পতিকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, পুলিস তার তদন্ত করছে।
স্থানীয় এক বাসিন্দা বিজলি মাল বলেন, রাতে কেউ বিষয়টি বুঝতে পারিনি। সকালে বাইরে বেরিয়ে দেখছি দেওয়াল চাপা পড়া অবস্থায় দু’জনে পড়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, গত প্রায় এক সপ্তাহ ধরে এই এলাকায় মাঝেমধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। তাই সম্ভবত বাড়ির দেওয়ালের মাটি আলগা হয়ে গিয়েছিল। ফলে সেটি ভেঙে পড়েছে।
নিজস্ব চিত্র