


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শুরু হল মঙ্গলবার। স্কুল সার্ভিস কমিশন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং স্ট্যাটিসটিক্স মিলিয়ে ২০৪ জন প্রার্থীকে ডেকেছিল। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১৮১ জন ছিলেন হিন্দি মাধ্যমের। তিনজন ছিলেন বাংলা মাধ্যমের। হিন্দি মাধ্যমের দু’জনের শংসাপত্রে ত্রুটি থাকায় তাঁদের সুপারিশ বাতিল করেছে এসএসসি। একজন অনুপস্থিত ছিলেন। আরেকজন স্কুল পছন্দ না হওয়ায় সুপারিশ নেননি। এই বিষয়ে ১৮৪ জনের মধ্যে ১৮০ জন সুপারিশপত্র পেয়েছেন। অন্যদিকে, স্ট্যাটিসটিক্সের ১৭ জনই সুপারিশপত্র নিয়েছেন। এই পর্বে মোট ৩৬০০ জনকে সুপারিশপত্র দেবে এসএসসি। অন্যদিকে, স্কুলের তালিকাতেও বেশ গরমিল রয়েছে বলে অভিযোগ এপিজিটিডব্লুএ সহ বেশ কিছু শিক্ষক সংগঠনের। তাই সেগুলিকে সংশোধন করে প্রকাশের দাবি তোলা হয়েছে। অন্যদিকে, ডিআইরা প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট স্কুলে শূন্যপদ রয়েছে কি না, তা সঠিকভাবে জানানোর জন্য। অনেক স্কুলে বদলির মাধ্যমে শূন্যপদ পূরণ হয়ে গেলেও সেই খবর শিক্ষাদপ্তরের কাছে নেই।