Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রিভিউয়ের ফলে মেধাতালিকায় ব্যাপক রদবদল ঠেকাতে নয়া কৌশল সংসদের, তৎকালের আবেদন কমল তিনভাগ, আজ ফলপ্রকাশ

রিভিউয়ের ফলে মেধাতালিকায় ব্যাপক রদবদল ঠেকাতে নয়া কৌশল সংসদের, তৎকালের আবেদন কমল তিনভাগ, আজ ফলপ্রকাশ
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিভিউ এবং স্ক্রুটিনির ফলপ্রকাশের পর গত বছর উচ্চ মাধ্যমিকের সেরা দশে নতুন করে ঢুকেছিলেন ১২ জন পরীক্ষার্থী। পাশাপাশি, র‌্যাঙ্কে উন্নতি হয়েছিল তিনজনের। এর ফলে মেধাতালিকার চেহারাই পাল্টে গিয়েছিল। এবার যাতে পুনর্মূল্যায়নে এমন বড়সড় পরিবর্তন না হয়, তার জন্য বিশেষ কৌশল নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরিসংখ্যান বলছে, সেই কৌশল প্রাথমিকভাবে কাজেও দিয়েছে। আজ, বুধবার তৎকালে আবেদন করা রিভিউ-স্ক্রুটিনির ফল প্রকাশ হবে। দেখা যাচ্ছে, গতবারের চেয়ে ব্যাপক কমেছে রিভিউয়ে আবেদনকারীর সংখ্যা। নম্বর বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে রিভিউয়ের ক্ষেত্রেই।

Advertisement

এ বছর সংসদ নিয়ম করেছিল, রিভিউয়ে আবেদন করা যাবে সর্বোচ্চ যে দু’টি বিষয়ে, সেগুলির গ্রেড বাকি অন্তত তিনটি বিষয় থেকে কম হতে হবে। এই গ্রেডের ফারাক হয় ৯-১৯ শতাংশ নম্বরে। অর্থাৎ, এই পর্যায়ের ফারাক বাকি তিনটি বিষয়ের সঙ্গে থাকলে তবেই দু’টি বিষয়ে রিভিউ করা যাবে। স্বাভাবিকভাবে এর ফলে রিভিউয়ে আবেদনের সংখ্যা কমেছে। সংসদের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘হিউম্যানিটিজের বিষয়গুলিতে পরীক্ষক ভেদে নম্বর কমবেশি হয়। কেউ একটু বেশি নম্বর দেন, কেউ আবার একটু কম নম্বর দেন। তাই এই বিষয়গুলিতে নম্বর বাড়ে (রিভিউ বা স্ক্রুটিনিতে নম্বর কমানো যায় না)। তবে, তার মানেই যে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নম্বর বাড়বে, তেমনটা নয়। সে কারণেই এই নিয়ন্ত্রণ করা হয়েছিল।’ এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, স্ক্রুটিনি করার অধিকার সব বিষয়েই রয়েছে।
তথ্য বলছে, এ বছর ৫ হাজার ৫৬১ জন প্রার্থী রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছেন। তাঁদের ফল আজ প্রকাশিত হবে। এর মধ্যে ৫ হাজার ৪৫৯টি উত্তরপত্র স্ক্রুটিনি এবং ৬ হাজার ১০৪টি রিভিউয়ের জন্য জমা পড়েছে। সব মিলিয়ে এই সংখ্যা ১১ হাজার ৫৬৩। গত বছরের তুলনায় তৎকাল রিভিউ এবং স্ক্রুটিনি, দু’টির আবেদনের সংখ্যাই কমেছে। তবে, উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে রিভিউয়ের আবেদন। গত বছর ২২,৮৩৬টি  উত্তরপত্র রিভিউ এবং স্ক্রুটিনির জন্য জমা পড়েছিল। তার মধ্যে ১৭ হাজার ৮৯৩ ছিল তৎকাল রিভিউয়ের জন্য। সংসদের সেই কর্তা বলেন, গত বছর প্রথম তৎকাল পরিষেবা শুরু হয়। তাই উৎসাহ বেশি ছিল। এ বছর সেভাবে ভর্তির তাড়া নেই। তাই আবেদনের সংখ্যা কমেছে। মঙ্গলবার পর্যন্ত সাধারণ রিভিউয়ে ১২ হাজার ৭৭৭ এবং স্ক্রুটিনির জন্য ৯ হাজার ৭৭৭টি আবেদন জমা পড়েছে। এই ক্ষেত্রে এখনও আবেদনের সুযোগ রয়েছে। ফলপ্রকাশ হবে পরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ