Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঈদের বাজারে কাটোয়ায় মেগাহিট ‘হিরামান্ডি’ ওয়েব সিরিজের পোশাক

বলিউডের ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে ব্যবহৃত পোশাকের ডিজাইন সবার নজর কেড়েছে

ঈদের বাজারে কাটোয়ায় মেগাহিট ‘হিরামান্ডি’ ওয়েব সিরিজের পোশাক
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: নেট দুনিয়ায় ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ এখন মেগাহিট। বলিউডের ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে ব্যবহৃত পোশাকের ডিজাইন সবার নজর কেড়েছে। সাবেকি ধাঁচের পোশাকের কারুকাজ যুবতীদের কাছে এখন স্বপ্নের মতো। ঐতিহাসিক স্মৃতি সৌধে ভরা কাটোয়া শহরে ঈদের বাজারে এখন ‘হীরামান্ডি’ পোশাক দেদার বিক্রি হচ্ছে। পোশাকের দোকানগুলিতে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘হীরামান্ডি’ সিরিজটি স্বাধীনতার আগেকার গল্প নিয়ে তৈরি। এখানে ব্যবহৃত হয়েছে ৩০০টি বিশেষ পোশাক। তা এখন ‘হীরামান্ডি’ পোশাক নামেই পরিচিতি পেয়েছে। কাটোয়ায় ঈদের বাজারে সেই পোশাকের চাহিদা এবার তুঙ্গে। সেই পোশাকের খোঁজে প্রায় প্রতিটি দোকানেই ঢুঁ মারছেন যুবতীরা। ক্রেতাদের চাহিদা দেখে এক থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে সেই সুপারহিট পোশাক। শহরের বস্ত্র ব্যবসায়ী রানা বণিক বলেন, সিনেমায় ব্যবহৃত পোশাকের চাহিদা বরাবরই থাকে। যখন যে সিনেমা হিট হয়, তখন সেই সিনেমায় ব্যবহৃত পোশাক সবাই খোঁজেন। এবার ‘হীরামান্ডি’ পোশাক দারুণ বিক্রি হচ্ছে। সব থেকে বড় বিষয় এই পোশাকের কারুকার্য করা ঘাঘরা, দোপাট্টা দেখে সবাই চাইছেন। ‘বাজিরাও মস্তানি’ ছবি মুক্তি পাওয়ার পর ওই ছবিতে ব্যবহৃত পোশাকের বিক্রি বেড়েছিল। এটাই বরাবরের ট্রেন্ড। দু’হাত মেহেন্দি করে যুবতীরা এবার ‘হীরামান্ডি’ পোশাক পরে ঈদ পালন করবেন।কাটোয়ার বাসিন্দা পারভিন সুলতানা বলেন, হিরামাণ্ডি ওয়েব সিরিজ দেখেছি। ওই সিনেমার পোশাক এবার ঈদে কিনেছি। এছাড়াও এবার  সারারা চুড়িদারের চাহিদা বেড়েছে। কাতান ও টিস্যু কাপড়ে তৈরি সারারা ও গারারা দেখতে অনেকটাই কাছাকাছি। নাম পুরনো হলেও ভারতীয় ঢংয়ের এমন পোশাকের ডিজাইনে থাকছে নতুনত্ব। জামাগুলোর ওপরের পার্ট কামিজ, যা ঝুলে ছোট। সালোয়ার ঢোলা, যার হাঁটুর দিকে ঘোরানো জরি চুমকির কাজ করা। ওড়নায়ও ভারী কাজ। এই জামাগুলোর দাম দুই থেকে পাঁচ হাজারের মধ্যে। এছাড়াও বেশি ঘেরের ট্রেন্ডি টিউনিক কামিজ ও প্লাজো, পার্টি ফ্রক, ঘাগরা চোলি ও লেগিংসের চাহিদাও তুঙ্গে। কাটোয়া শহরের বেশ কয়েকজন বাসিন্দা বলছেন, সিনেমা দেখেই স্টাইলে অনুপ্রাণিত হয় নতুন প্রজন্ম। এটা বরাবরেই রেওয়াজ। তাই সিনেমায় যেমন পোশাক দেখানো হবে, নতুন প্রজন্ম তেমনি পোশাকই পড়বে এটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এবার অনলাইনের বাজারও তুঙ্গে। আউশগ্রামের ওয়ারিশপুরের কাঁথাস্টিচ শিল্পী বুল্টি বেগম বলেন, ঈদের জন্য বিশেষ ধরনের চুড়িদার, ছেলেদের পাঞ্জাবীর অর্ডার আসছে পাটনা, কলকাতা, দিল্লি থেকে।  কাটোয়ায় কেনাকাটা। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ