Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেনা অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় আমেরিকার ব্যয় ৩৭০ কোটি ডলার

ইজরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা। এর জেরে গোটা পশ্চিম এশিয়া অশান্ত। আর এরইমাঝে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।

সেনা অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় আমেরিকার ব্যয় ৩৭০ কোটি ডলার
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ইজরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা। এর জেরে গোটা পশ্চিম এশিয়া অশান্ত। আর এরইমাঝে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে ৩.৭ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার এমনই তথ্য তুলে ধরল ওয়াশিংটনের সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। এই পরিসংখ্যান ও বিশ্লেষণের নেপথ্যে থাকা গবেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্কের কথায়, বর্তমানে সপ্তম দিনে পড়েছে এই যুদ্ধ। সেই হিসাবে দিন প্রতি প্রায় ৮৯ কোটি ডলার ব্যয় হয়েছে। মূলত বিপুল পরিমাণ গোলাবারুদ ও অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বোমারু বিমান ব্যবহারের জেরেই এই বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে। চিন্তার বিষয় হল, ব্যয়ের সামান্য অংশই বাজেটে বরাদ্দ ছিল। খরচ মেটাতে শীঘ্র অতিরিক্ত তহবিলের প্রয়োজন পড়বে। বিশেষজ্ঞদের কথায়, এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়তে পারে ট্রাম্প প্রশাসন। এমনকি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে।

Advertisement

সিএসআইএসের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় আমেরিকা বিভিন্ন ধরনের ২ হাজারের বেশি যুদ্ধাস্ত্র-গোলাবারুদ ব্যবহার করেছে। সমপরিমাণ গোলাবারুদ আবার মজুত করতে প্রায় ৩১০ কোটি ডলার খরচ হবে। আর এই বিপুল খরচই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত সংবাদ