নয়াদিল্লি: বার কাউন্সিল অব ইন্ডিয়ায় বড়োসড়ো মাপের দুর্নীতি! দেড়শো কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনন মিশ্রর বিরুদ্ধে। আর অভিযোগ তুলেছেন বার কাউন্সিলের কো-চেয়ারম্যান তথা প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি। স্বয়ং চেয়ারম্যানের কাছেই চিঠি লিখে তাঁর ইস্তফার দাবি তুলেছেন রেড্ডি। বেআইনিভাবে কলেজের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কাউন্সিলের নিয়োগের ক্ষেত্রে অনৈতিকভাবে টাকার লেনদেন সহ বহু অভিযোগ তুলেছেন রেড্ডি। তার সঙ্গে চেয়ারম্যান তথা রাজ্যসভা সাংসদ মননের কাছে পাঠানো চিঠিতে তিনি একাধিক দাবি তুলেছেন।
তার মধ্যে রয়েছে, বার কাউন্সিলের তহবিলের পূর্ণাঙ্গ অডিট ও সেই অডিট রিপোর্ট বিসিআইয়ের সব সদস্যদের হাতে তুলে দেওয়ার দাবি। এছাড়া ওই তহবিল থেকে কোনো পেমেন্ট বা আর্থিক লেনদেন অবিলম্বে বন্ধ করারও দাবি তুলেছেন রেড্ডি। রেড্ডির অভিযোগ, বিসিআইয়ে নিয়োগের জন্য অনেকের কাছ থেকে চেয়ারম্যান টাকা আদায় করেছেন। এছাড়া বিভিন্ন আইন কলেজের রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার জন্যও টাকা নিয়েছেন। প্রতিষ্ঠানের নানা পদে নিজের পরিবারের লোকজনকে বসানোর অভিযোগও উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। সব মিলিয়ে দেশের বিচার বিভাগের অন্যতম এই প্রতিষ্ঠানে চেয়ারম্যানের-কো চেয়ারম্যান দ্বন্দ্ব আদতে কত বড় দুর্নীতির জাল সামনে নিয়ে আসে এখন তারই অপেক্ষা।