নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টোলপ্লাজায় আর্থিক দুর্নীতির তদন্তে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ সাতটি রাজ্যে বুধবার তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন সকালেই শেক্সপিয়র সরণি এলাকার এক ব্যবসায়ীর অফিসে পৌঁছে যায় ইডির তদন্তকারী দল। ব্যবসায়ীর কাছে এই দুর্নীতির টাকা এসেছিল বলে এজেন্সির দাবি। সেখান থেকে এই সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে বলে খবর।
ইডি সূত্রে জানা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে টোল থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল। এর ফলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছিল। উত্তরপ্রদেশের লখনউতে প্রথম অভিযোগ হয়। পরে এর তদন্তভার নেয় ইডি। তারা তদন্তে নেমে জানতে পারে, এর জাল ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান প্রভৃতি রাজ্যে। ইডি অফিসাররা জানতে পারেন, একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। সেটির মাধ্যমে গাড়ির টোল কাটা হয়েছে। কিন্তু সেই টাকা সরকারের কোষাগারে জমা পড়ছে না। টাকা চলে যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীর অ্যাকাউন্টে।
এইভাবে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে ইডি সূত্রের খবর। এর তদন্তেই সাত রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চলে কেন্দ্রীয় এজেন্সির। ইডি জেনেছে, শেক্সপিয়র সরণি এলাকার অফিসে টাকা আসার পর তা বাইরে চলে গিয়েছে হাওলা মারফত। এই অফিসে বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির টাকা আসত। এখানকার যে ব্যবসায়ীর অফিসে তল্লাশি চলে তাঁর সঙ্গে এই দুর্নীতিতে জড়িত ভিন রাজ্যের ব্যবসায়ীদের যোগ রয়েছে। এই সূত্রেই টাকা এসেছিল কলকাতায়। মোট কত টাকা বিদেশে পাচার হয়েছে তার তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।