বেঙ্গালুরু, ২৭ সেপ্টম্বর: কলেজের অনুষ্ঠানে মেতে ছিল পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই চলছিল সবকিছু। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফাংশন হলের প্রথম তলার কার্নিশের দেওয়াল। তার নীচে চাপা পড়ে ব্রেন ডেড হল ১৬ বছেরের এক কিশোরের। ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে সূত্রের খবর। শনিবার কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার ইয়েম্মেকেরেতে এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত কিশোরের নাম মহম্মদ শামাজ (১৬)। হালেআঙ্গাড়ির বাসিন্দা। তিনি কলেজের ছাত্র ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, কলেজের হলে অল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের দক্ষিণ কন্নড় শাখার নতুন পদাধিকারীদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক পড়ুয়া উপস্থিত হয়েছিলেন। পুলিশের দাবি, হলের ভিতরে ভিড় বেশি হয়ে যাওয়ায় বেশ কয়েকজন পড়ুয়া বাইরে করিডরে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন ওই দুর্বল কার্নিশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। অতিরিক্ত চাপেই দেওয়ালের একটি অংশ ভেঙে নীচে পড়ে যায়। সেই সময় মাটিতে দাঁড়িয়ে থাকা মহম্মদ শামাজের উপর ভেঙে পড়ে কার্নিশের একটি বড় অংশ। দুর্ঘটনার পর দ্রুত আহতদের ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামাজের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসায় সাড়া না দেওয়ায় তাঁকে শেষ পর্যন্ত ব্রেন ডেড বলে ঘোষণা করে চিকিৎসকরা।
আহত চারজনের মধ্যে রয়েছেন সুরিঞ্জের বাসিন্দা মহম্মদ শানান (১৮), আদিয়ারের হানিফ (২৩), কাসবা বেঙ্গ্রের মহম্মদ শাকিল হুসেন (১৮) এবং কাভুরের গান্ধিনগরের বাসিন্দা দাউদ ফারসিন আহমেদ (১৮)। ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডেশ্বর থানার পুলিশ। কার্নিশের দেওয়ালটি কেন ভেঙে পড়ল এবং অনুষ্ঠানের জন্য নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।