Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাস আগে বুক করেও মিলছে না রান্নার গ্যাস, সিলিন্ডার নিয়ে অবরোধ

একমাস আগে বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস। বাড়িতে গ্যাস পৌঁছয়নি অথচ মোবাইল ফোনে ডেলিভার্ড মেসেজ চলে আসছে।

একমাস আগে বুক করেও মিলছে না রান্নার গ্যাস, সিলিন্ডার নিয়ে অবরোধ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: একমাস আগে বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস। বাড়িতে গ্যাস পৌঁছয়নি অথচ মোবাইল ফোনে ডেলিভার্ড মেসেজ চলে আসছে। এই ঘটনায় হতবাক গ্রাহকরা মঙ্গলবার সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখালেন।

Advertisement

ইংলিশবাজার শহরের একটি রান্নার গ্যাস সরবরাহকারী এজেন্সির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন গ্রাহকরা। প্রতিবাদে সিলিন্ডার নিয়ে পথ অবরোধ করে মঙ্গলবার বিক্ষোভ দেখান প্রায় শতাধিক গ্রাহক। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ওই গ্যাস সরবরাহকারী এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।
ইংলিশবাজার শহরের বাসিন্দা মেনকা মণ্ডলের অভিযোগ, এক মাস আগে গ্যাস বুক করেছি। এমাসের ২৩ তারিখ মোবাইল ফোনে গ্যাস ডেলিভারি হয়ে গিয়েছে বলে মেসেজ চলে এসেছে। অথচ একমাস হয়ে গেলেও বাড়িতে গ্যাস সিলিন্ডার পোঁছয়নি। গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের নম্বরে ফোন করলেও কেউ ধরেন না। এখানে এসে দেখি অফিস বন্ধ। পথ অবরোধ করা ছাড়া আমাদের কাছে আর রাস্তা খোলা নেই। উত্তরবঙ্গ ও সিকিম এলপিজি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সভাপতি সোমেশ চন্দ্র দাস বলেন, আমাদের বা এই শহরের অন্য কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নেই। কারণ আমরা সবাই কমবেশি গ্যাস পাচ্ছি। কিন্তু যেটুক মিলছে, সুষ্ঠুভাবে গ্রাহকদের মধ্যে বণ্টন করা হচ্ছে। এই ডিলার অফিস বন্ধ রাখার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একই সঙ্গে তারা সুষ্ঠুভাবে গ্যাস বণ্টন করছে না। 
এদিন অফিস টাইমে রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়েই রেলের ওয়াগন থেকে লরিগুলি পণ্য নিয়ে আসে। এদিন প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধের ফলে বিশাল যানজট হয়। 
শহরের আরেক বাসিন্দা অষ্টমী সাহার কথায়, ১৫ দিন ধরে এই অফিসে আসছি। কখন অফিস খুলবে সেই অপেক্ষায় সারাটা দিন বসে থেকে চলে যাচ্ছি। দু’সপ্তাহ বাড়িতে রান্নার গ্যাস নেই। নিয়মিত দু’বেলা রান্না করতে পারছি না। খাওয়াদাওয়া বন্ধ হওয়ার মুখে। 
সুকান্ত মোড় ফাঁড়ির পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে বিক্ষোভ তুলে দেয়। গ্রাহক সুকুমার মণ্ডলের অভিযোগ, গত ২০ দিন রোজ একবার এখানে আসছি। কিন্তু অফিস বন্ধ থাকছে। একটা পোস্টার সাঁটিয়ে গ্যাস ডেলিভারির তারিখ উল্লেখ করে দেওয়া হচ্ছে। কিন্তু কোথায় গ্যাস? প্রতিদিন ডেলিভারির তারিখ বদলে যাচ্ছে। আমরা চরম হয়রান হচ্ছি। এদিকে বারংবার চেষ্টা করেও ওই ডিলার এবং সেখানকার কোনও কর্মীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ