নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নাঘরে একা ছিলেন গৃহস্থালির কাজ করা তরুণী। তখনই তাঁকে ধর্ষণের চেষ্টা করে ওই ফ্ল্যাটের রাঁধুনি। তরুণী অভিযুক্তকে বাধা দেওয়ায় রান্নাঘরে রাখা ছুরি দিয়ে তরুণীকে এলোপাথাড়ি কোপ মেরে চম্পট দেয় ওই রাঁধুনি। রবিবার দুপুরে আনন্দপুর থানা এলাকায় এক অভিজাত আবাসনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় পলাতক রাঁধুনিকে দুর্গাপুর স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মন্টু কুমার। তার বাড়ি বিহারে। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃত মন্টু কুমার ওই অভিজাত আবাসনের চার নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে রাঁধুনির কাজ করত। ফ্ল্যাট মালিক গৃহস্থালির অন্যান্য কাজের জন্য কয়েক মাস আগে সুন্দরবন এলাকার এক তরুণীকে এনেছিলেন। এদিন দুপুরে কোনো প্রয়োজনে রান্নাঘরে ঢুকেছিল ওই তরুণী। অভিযোগ, সেই সময় মন্টু তরুণীর মুখ চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই তরুণী চিৎকার করতেই মন্টু রান্নাঘরে থাকা ছুরি দিয়ে তরুণীর ঘাড়ে, বুকে এলোপাথাড়ি কোপ মারে। এরপর মুহূর্তে ফ্ল্যাট থেকে চম্পট দেয়। ফ্ল্যাট মালিক আনন্দপুর থানায় বিষয়টি দ্রুত জানানোর পাশাপাশি তরুণীকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মন্টু পাঞ্জাব মেলে চেপে পালাচ্ছে। দুর্গাপুর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।