Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নারী দিবসে উদ্যোগ রেলের, মহিলা পরিচালিত স্টেশন হচ্ছে কোচবিহার

নারী দিবসে উদ্যোগ রেলের, মহিলা পরিচালিত স্টেশন হচ্ছে কোচবিহার
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আন্তর্জাতিক নারী দিবসে কোচবিহার স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করল রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অধীন ৮৪টি স্টেশনের মধ্যে একমাত্র কোচবিহার স্টেশনই এই তকমা পেল। এখন থেকে এই স্টেশনের সমস্ত কাজকর্ম মহিলা রেলকর্মীদের দ্বারা পরিচালিত হবে। মোট আটজন মহিলা রেলকর্মী নিযুক্ত থাকবেন। তাঁরা বিভিন্ন শিফটে কাজ করবেন। মহিলা আরপিএফ কর্মীদের মোতায়েন করা হবে। শনিবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সানপের উপস্থিতিতে এক অনুষ্ঠানে কোচবিহার স্টেশনকে মহিলা পরিচালিত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। কেক কেটে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। 

Advertisement

আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার বলেন, ‘উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে একমাত্র কোচবিহারই এই তকমা পেল। ফ্রন্টলাইনে সমস্ত মহিলা কর্মীই থাকবেন। আন্তর্জাতিক নারী দিবসের দিন এই ঘোষণা করতে পেরে আমরা খুশি।’ রেল সূত্রে জানা গিয়েছে, কোচবিহার স্টেশনের বুকিং ক্লার্ক, কমার্শিয়াল সুপারভাইজার, রিজার্ভেশন ক্লার্ক, রিজার্ভেশন সুপারভাইজার, টিকিট চেকিং স্টাফ সহ সমস্ত ক্ষেত্রেই মহিলাদের নিযুক্ত করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী মহিলা কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ