Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

একুশের ভোট পরবর্তী হিংসায় জখম শিশুর মৃত্যু ঘিরে বিতর্ক

এক শিশুর মৃত্যু ঘিরে শুরু হল রাজনৈতিক বিতর্ক। বিজেপির অভিযোগ, ক্যানিং পশ্চিমের মিঠাখালি পঞ্চায়েত এলাকায় ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় দলীয় কর্মী অর্জুন সাহার বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা

একুশের ভোট পরবর্তী হিংসায় জখম শিশুর মৃত্যু ঘিরে বিতর্ক
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক শিশুর মৃত্যু ঘিরে শুরু হল রাজনৈতিক বিতর্ক। বিজেপির অভিযোগ, ক্যানিং পশ্চিমের মিঠাখালি পঞ্চায়েত এলাকায় ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় দলীয় কর্মী অর্জুন সাহার বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তখন বাড়িতে ছিলেন না তিনি। বিজেপি কর্মীর দু-বছরের ছেলেকে গলা টিপে ছুড়ে ফেলে ওই দুষ্কৃতীরা। সেই ঘটনায় আঘাত পেয়েছিল ছোট্ট দেবজিত সাহা। তাতে অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসা করাতে গিয়ে পরিবার জানতে পারে, ওই শিশুর গলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতদিন ধরে চিকিৎসা চলার পর শনিবার মারা যায় ওই খুদে। 

Advertisement

এই ঘটনায় তৃণমূলের জয়ী প্রার্থী পরেশরাম দাসের আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ তুলেছেন মৃতের বাবা অর্জুন সাহাও। তিনি বলেন, তৎকালীন বিধায়কের লোকজন আমার বাড়িতে হামলা করে। আমার দোকানও ভাঙচুর করেছিল দুর্বৃত্তরা। আমার ছেলেকে মারধর করেছিল। তার জন্য ওর গলায় মারাত্মক সংক্রমণ হয়। আজ সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে! নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি এর বিচার চাইব। 
এদিকে, এই ঘটনা নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি বলে খবর। এক পুলিশ অফিসার বলেন,  বিষয়টি শুনেছি। তবে এই অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। আমরা খোঁজ রাখছি। শিশুমৃত্যুর নিন্দা করেছেন পরেশবাবু। তিনি জানান, এই মৃত্যু অবশ্যই বেদনাদায়ক। তবে এনিয়ে রাজনীতি করা ঠিক নয়। তাঁর নাম জোর করে বলিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তৃণমূলের জয়ী প্রার্থী।

Advertisement
সম্পর্কিত সংবাদ