মুম্বই: জনপ্রিয় কমেডি শো। সেখানে নিজেকে চিকিৎসক দাবি করা তরুণী মৃত পুরুষদেহের যৌনাঙ্গ নিয়ে প্রকাশ্যে ঠাট্টা করেছেন। বিষয়টা নিয়ে বেজায় শোরগোল সমাজমাধ্যমে। এই আবহে জানা যাচ্ছে, সেজল পাওয়ার নামে ওই তরুণী আদতে চিকিৎসকই নন। ডাক্তারি পড়ুয়া মাত্র। প্রকাশ্যে এমন মন্তব্য করার জেরে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল কলেজ। বিতর্কিত তরুণী এই কলেজেরই ছাত্রী।
সাধারণত কমেডি শো-তে বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে। দর্শকরাও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। সবটাই কৌতুকের অছিলায় হয়। তবে শালীনতার মাত্রা ছাড়ালে বিপদ। কয়েক মাস আগে এমনই এক কমেডি শো-তে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রনবীর এলাহাবাদী ও সময় রায়না। এবার অবশ্য বিতর্কের কেন্দ্রে প্রণীত মোরে। জনপ্রিয় এই কমেডিয়ানের শো-তেই দুই দর্শক বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তার মধ্যে একজন চর্চিত তরুণী, সেজল পাওয়ার। প্রণীতের অনুষ্ঠানে নিজেকে চিকিৎসক বলেই দাবি করেন তিনি। পরে নিজের ভুল স্বীকার করলেও বিষয়টা সুধীসমাজ ভালোভাবে নেয়নি। এবার মুম্বইয়ের কেইএম হাসপাতালও তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।