সংবাদদাতা, বজবজ: বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ কার্যত প্রশাসনের হাতেই এবার ন্যস্ত হতে চলেছে। বুধবার ছিল এই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন। বিডিও অফিসে একারণে বৈঠক ডাকা হয়েছিল এদিন। বিডিও উপস্থিত থাকলেও পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা কেউই আসেননি। তাঁরা সকলেই তৃণমূলের সদস্য। এই নিয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। রাজনৈতিক মহলের ধারণা, এদিন ভোটাভুটি না হওয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের সুযোগ হাতছাড়া হল। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেও বিডিও একবার এমন উদ্যোগ নিয়েছিলেন। সেবারও গরহাজির ছিলেন নির্বাচিত সদস্যরা। তাই এবার আলিপুর মহকুমা শাসকের নির্দেশে নোটিস দিয়ে তৃণমূলের নির্বাচিত সদস্যদের এই সভায় হাজির থাকার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল। এই পরিস্থিতিতে বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে চলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।



