সংবাদদাতা, কল্যাণী: মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে (ম্যাকাউট) চুক্তিভিত্তিক কর্মচারীদের আন্দোলন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়েছে। হরিণঘাটার মেইন ক্যাম্পাসে গত সোমবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন পরিকাঠামো পুনর্বিন্যাসের দাবিতে এই আন্দোলন চলছে। তাঁদের দাবি, এর আগে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনোরকম সুরাহা মেলেনি। সেই কারণে এর আগেও দীর্ঘদিন আন্দোলনে শামিল হয়েছিলেন অস্থায়ী কর্মীরা। এদিন ফের আন্দোলন শুরু করেছেন তাঁরা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সারা বাংলার তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ম্যাকাউট শাখা। গত সোমবার এই আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে দাবি লেখা প্লাকার্ড হাতে প্রায় আড়াইশো কর্মীর মিছিল হয়। তবে তার আগে উপাচার্য অধ্যাপক তাপস চক্রবর্তীর ঘরের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচের তলায় বসে পড়েন চুক্তিভিত্তিক কর্মীরা। মাইক লাগিয়ে সেখানেই দু’দিন ধরে চলছে আন্দোলন। প্রথম দিনের আন্দোলনে কলকাতা ক্যাম্পাসের চুক্তিভিত্তিক কর্মীরাও অংশগ্রহণ করেন। এই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় জুড়ে পঠন-পাঠনসহ অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে। কর্মীদের বেতন পুনর্বিন্যাসের জন্য বেশ কিছুদিন আগেই একটি ফাইল প্রস্তুত হয়। অভিযোগ, কর্তৃপক্ষের টালবাহানার ফলে সেটি অনুমোদিত না-হয়ে পড়ে রয়েছে। সংগঠনের সভাপতি সাহেব সাহা বলেন, আমাদের দাবি না-মানা পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে, আন্দোলনকারী বিশ্বজিৎ দাস বলেন, কর্তৃপক্ষ পরিকল্পিতভাবেই আমাদের ফাইলটা সই করছেন না। তবে আমরাও এই আন্দোলন থেকে পিছু হটব না। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলতে চাননি।



