দিল্লিতে মেট্রো ও রেল বন্ধ নিয়ে অবমাননার মামলা, রবিবার বিশেষ শুনানি সুপ্রিম কোর্টে
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা বন্ধ রাখার অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করার অভিযোগে শনিবার এই আবেদন জমা পড়ে। আজ রবিবার সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হবে। শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। 

Advertisement

আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হয়েছে এবং নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ আবেদনকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) চেয়ারপার্সন ডি তারাকে মামলায় বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, সিজেপির বিক্ষোভের আগে পরিবহণ পরিষেবা সম্পূর্ণ বন্ধ না রেখে নিয়ন্ত্রিত ভাবে চালানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ৯ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চ জানিয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলেও মেট্রো ও রেল চলাচল পুরোপুরি বন্ধ করা যাবে না। পরিষেবা নিয়ন্ত্রিত ভাবে চালু রাখার পাশাপাশি যাত্রীদের অসুবিধা এড়াতে প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশের কথাও বলা হয়েছিল। কিন্তু শনিবার সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে যাতায়াতের ক্ষেত্রে একাধিক বাধার মুখে পড়েন সাধারণ মানুষ। সংসদ মার্গ, কনট প্লেস ও যন্তর মন্তর সংলগ্ন এলাকায় ব্যারিকেড বসানো হয়। ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান বন্ধ রাখা হয়। ব্যাহত হয় ক্যাব পরিষেবাও। ফলে বিক্ষোভস্থলে পৌঁছতে দীর্ঘ পথ হাঁটতে হয় অনেককে। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানাতেও চলে কড়া নজরদারি। আবেদনকারীর দাবি, আদালতের নির্দেশ সত্ত্বেও পরিবহণ পরিষেবায় এই বিধিনিষেধ জারি থাকায় অবমাননার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। পাশাপাশি, মেট্রো ও রেল পরিষেবা অবিলম্বে নিয়ন্ত্রিত সময়সূচি অনুযায়ী চালু রাখার নির্দেশ দেওয়ারও আরজি জানানো হয়েছে।