পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, চাঞ্চল্য মধ্যমগ্রামে
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল মধ্যমগ্রামের দোহারিয়ায়। পাশের আরও একটি জলাশয় ভরাটের কাজ চলছিল বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেন বিজেপির কর্মীরা। বিজেপির অভিযোগ, এলাকার জল নিকাশি ব্যবস্থা সচল রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জলাশয়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত বর্ষার সময় বৃষ্টির জল জমে যাওয়া ঠেকাতে এই জলাশয়গুলি অত্যন্ত জরুরি। অথচ দোহারিয়া এলাকায় একের পর এক পুকুর ভরাট করে নির্মাণকাজ চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। সন্তোষ হালদার নামে এক ব্যক্তি পুকুর ভরাট করে সেখানে একটি বহুতল নির্মাণ করছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিন সেই কাজ বন্ধ করে দিয়েছে তারা। মধ্যমগ্রাম মণ্ডল ২-এর বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ কুণ্ডুর দাবি, প্রথমে পুরসভার আবর্জনা ফেলে জলাশয়গুলি ভরাট করা হচ্ছে। পরে প্রোমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জমির প্রকৃত চরিত্র নির্ধারণে পুরানো রেকর্ড খতিয়ে দেখার দাবি তুলেছে বিজেপি। এনিয়ে মহকুমা শাসক, বিডিও এবং পরিবেশ দপ্তরে লিখিত অভিযোগ জানানো হবে। জমির মালিক সন্তোষ হালদার বলেন, এটা জলাশয় নয়, বাস্তু জমি রয়েছে। আমি জমিটি কিনেছি বাস্তু জমি হিসাবেই। আসলে বিজেপির লোকজন টাকা চেয়েছিল, না দেওয়াতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রশাসন ডাকলে আমি সমস্ত নথি দেখিয়ে দেব। শুভজিৎবাবু পালটা বলেন, ওঁর কাছে টাকা চাওয়া হয়েছে, তার প্রমাণ দিন উনি।

Advertisement