নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়ায় পরপর দুটি বাড়িতে চুরির এক সপ্তাহ পেরলেও ধরা পড়েনি কেউ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ, গত শনিবার ভোরে দুষ্কৃতীরা বেলঘরিয়ার নন্দননগর এলাকার নেতাজিপল্লিতে দুটি বাড়িতে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অথচ, বাড়িতে সকলে থাকলেও কেউ টের পাননি। দুষ্কৃতীরা নগদ টাকা, সোনা-রুপোর গয়না মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করেছে। দুষ্কৃতীরা চন্দন বোসের বাড়িতে রান্নাঘরের জানালা ভেঙে ঘরে ঢোকে। বাড়িতে সবাই ঘুমাচ্ছিল। এরপর আলমারি খুলে প্রায় ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। এরপর স্বপন ডাকুয়ার বাড়ির গ্রিলের দরজার তালা খুলে ঘরে ঢোকে। দুটি আলমারি থেকে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। স্বপন ডাকুয়া বলেন, ঘরের মধ্যে সবাই ঘুমাচ্ছিলাম। ভাইঝির চিৎকারে ঘুম থেকে উঠে দেখি খাটের কাছে আলমারি খোলা। সবকিছু নিয়ে গিয়েছে চোরেরা। আমাদের ধারণা, কোনো কিছু স্প্রে করে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।



