সন্দীপ স্বর্ণকার, আমেদাবাদ: এআইসিসির গুরুত্বপূর্ণ অধিবেশন। কিন্তু নেই প্রিয়াঙ্কা গান্ধী। বিদেশে। নিউ ইয়র্কে। সংসদে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেননি সোনিয়া-কন্যা। আমেদাবাদে ৮-৯ এপ্রিল চলছে কংগ্রেসের অধিবেশন। সেখানেও তিনি নেই। মঙ্গলবার দিনভর চলল রাজনৈতিক মহলে চর্চা। যদিও দল জানাল, প্রিয়াঙ্কা গান্ধী আগে থেকেই অনুমতি নিয়ে বিদেশ গিয়েছেন। মিডিয়ার সমালোচনা ম্লান করতে এআইসিসির প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বললেন, ‘একা প্রিয়াঙ্কা নন। বর্ধিত ওয়ার্কিং কমিটির ৩৫ জন সদস্য আসেননি। ফলে স্রেফ একজনকে টার্গেট করা ঠিক নয়। সোনিয়া-রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গের পাশাপাশি এদিন মোট ১৫৮ জন উপস্থিত ছিলেন।’ তবে কংগ্রেস যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুক না কেন, পরপর দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।
এআইসিসি অধিবেশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পি চিদম্বরম। সবরমতী গান্ধী আশ্রমে প্রার্থনায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা ডিহাইড্রেশনের শিকার হন। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়। প্রয়াত শারদ যাদবের কন্যা সুভাষিণীও প্রবল দাবদহের জেরে অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পরে অবশ্য জ্ঞান ফেরে। আমেদাবাদ জারি হয়েছে তাপপ্রভাবের রেড অ্যালার্ট। মঙ্গলবার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
এই আবহেই গান্ধীজি আর সর্দার বল্লভভাই প্যাটেলের শরণে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। মঙ্গলবার বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রে ক্ষমতায় আসার পর মহাত্মা গান্ধীকে প্রতীক করে স্বচ্ছ ভারত অভিযান এবং সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল ‘একতার মূর্তি’ গড়ে কংগ্রেসের আদর্শের গড়ে হানা দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার সেই সম্পদ ফেরাতে মরিয়া কংগ্রেস। সে কথা মাথায় রেখেই মঙ্গলবার প্যাটেলের নামে সংগ্রহশালার ময়দানে বসল বর্ধিত ওয়াকিং কমিটির বৈঠক। পাশ হল বল্লভভাইয়ের নামে বিশেষ প্রস্তাব। গুজরাত নিয়েও আলাদা করে একটি প্রস্তাব আজ বুধবার মূল অধিবেশনে পাশ হবে। প্রত্যেক সাংসদের দেওয়া হল রাজমোহন গান্ধীর লেখা বই ‘সর্দার প্যাটেল-এক সমর্পিত জীবন।’