ডিব্রুগড়: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগের কালো ছায়া গোটা বিশ্বে। এই আবহে কংগ্রেসের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভোটমুখী অসমের শিলচরে একটি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে কড়া ভাষায় শতাব্দী প্রাচীন দলকে নিশানা করেছেন মোদি। তাঁর কথায়, যুদ্ধের প্রভাব যাতে সাধারণ মানুষের উপর তেমনভাবে না পড়ে, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার তৎপর। এই কঠিন সময়ে আশা করেছিলাম, কংগ্রেস দায়িত্বশীল রাজনৈতিক দলের মতো আচরণ করবে। কিন্তু, আরও একবার তারা সেই ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। মোদি বলেন, দেশে আতঙ্ক তৈরির সবরকম চেষ্টা করছে কংগ্রেস। তারা চাইছে, দেশ আরও সমস্যার মধ্যে পড়ুক। তাহলে মোদিকে আরও বেশি গালমন্দ করা যাবে। প্রধানমন্ত্রীর দাবি, বিশ্বের একটি অংশ ভারতের দ্রুত অগ্রগতিকে মেনে নিতে পারছে না। কংগ্রেস সেই দেশবিরোধী শক্তির হাতের পুতুলে পরিণত হচ্ছে।



