Bartaman Logo
৯ জুলাই, ২০২৬

২০১৩ সাল থেকে দিল্লি সদর দপ্তরের ভাড়া দেয়নি কংগ্রেস, দাবি আরটিআই রিপোর্টে

কংগ্রেস ২০১৩ সাল থেকে ২৪ আকবর রোডের বাংলোটি অবৈধভাবে দখলে রেখেছে। সরকারের কাছে বকেয়া অর্থের তদন্ত চলছে। বিস্তারিত পড়ুন।

২০১৩ সাল থেকে দিল্লি সদর দপ্তরের ভাড়া দেয়নি কংগ্রেস, দাবি আরটিআই রিপোর্টে
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অবৈধ দখলদারির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ২০১৩ সালের ২৬ জুন থেকে ২৪ আকবর রোডের সদর দপ্তর ‘বেদখল’ করে রেখেছিল কংগ্রেস।  এই পর্বে ওই বাংলোর জন্য কোনো ভাড়া পায়নি সরকার। সম্প্রতি একটি আরটিআই বা তথ্য জানার অধিকার আইনের জবাবে বিষয়টি স্পষ্ট হয়েছে। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে, কংগ্রেসের বকেয়া অর্থের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ‘ডাইরেক্টরেট অফ এস্টেটস’-এর তরফে জানানো হয়েছে, ১৯৯২ সালের ৭ আগস্ট লুটিয়েন্স দিল্লির ২৪ আকবর রোডের বাংলোটি কংগ্রেসকে বরাদ্দ করা হয়েছিল। ২০১৩ সালের ২৬ জুন তা বাতিল করে দেওয়া হয়। তারপর থেকেই ওই বাংলোটি কংগ্রেস বেআইনিভাবে দখলে করে রয়েছে। আরটিআইয়ের জবাবে ‘ডাইরেক্টরেট অফ এস্টেটস’ আরও জানিয়েছে, কংগ্রেসের বকেয়া অর্থের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তা এখনও নির্ধারিত হয়নি। 
সূত্রের খবর, সরকারের তরফে কংগ্রেসকে বাংলোটি খালি করার নির্দেশ দিয়ে কোনো নোটিস দেওয়া হলে তার প্রতিলিপিও চেয়েছিলেন আরটিআই আবেদনকারী। ডাইরেক্টরেট অবশ্য সেই তথ্য দিতে অসম্মতি জানায়। বলা হয়, এই ধরনের নথি সংকলিত আকারে রাখা হয় না। ওই আরটিআইয়ে মাধ্যমে লুটিয়েন্স দিল্লিতে অবস্থিত বিজেপির প্রাক্তন সদর দপ্তর (১১, অশোক রোড) সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছিল। জবাবে বলা হয়েছে, ১৯৮৫ সালের ২১ মার্চ এই বাংলোটি বিজেপিকে বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে তা লোকসভা মেম্বারস পুলে অন্তর্ভুক্ত। ভাড়া আদায় ও ভাড়া দেওয়া সংক্রান্ত তথ্য চেয়ে করা আবেদনটি লোকসভার সচিবালয়ে পাঠানো হয়েছে। সরকারের কাছে বিজেপির কোনো বকেয়া রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো চূড়ান্ত হিসাব এখনও হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ