Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬

পড়ুয়াদের উপর কংগ্রেস সরকারের লাঠিচার্জ, খা‌ড়্গেকে চিঠি বিজয়নের

বন্দে মাতরম ইস্যুতে কেরল বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালীন এসএফআইয়ের কর্মী-সমর্থকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা সিপিএমের পিনারাই বিজয়ন।

পড়ুয়াদের উপর কংগ্রেস সরকারের লাঠিচার্জ, খা‌ড়্গেকে চিঠি বিজয়নের
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: বন্দে মাতরম ইস্যুতে কেরল বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালীন এসএফআইয়ের কর্মী-সমর্থকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা সিপিএমের পিনারাই বিজয়ন। চিঠিতে বিজয়ন অভিযোগ করেছেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের এই ধরনের পদক্ষেপ আরএসএসের সুবিধা করে দিচ্ছে। অন্যদিকে, কেরলের কংগ্রেস বিধায়ক রাম্যা হরিদাসের সঙ্গে দলের কর্মীদের হাতাহাতির ঘটনায় পদক্ষেপ করল প্রদেশ কংগ্রেস। এই নিয়ে দলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুই ঘটনায় দলের বাইরে ও অন্দরে প্রবল অস্বস্তিতে পড়েছে হাত শিবির।

Advertisement

খাড়্গেকে লেখা চিঠিতে বিজয়ন দাবি করেছেন, সম্পূর্ণ বন্দে মাতরম গাইতে হবে— কেন্দ্রের এই নির্দেশের প্রতিবাদে কেরল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শান্তিপূর্ণ অবস্থানে বসেছিলেন। সেই সময় কোনো প্ররোচনা ছাড়াই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছাত্রীদের উপর পুরুষ পুলিশকর্মীরা অত্যাচার চালিয়েছে বলেও অভিযোগ বিজয়নের। তাঁর আরও অভিযোগ, দেশের বহুত্ববাদী চরিত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার স্বার্থে স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই ‘বন্দে মাতরম’-এর কেবল প্রথম দুটি স্তবক গাওয়ার বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছিল। আরএসএস ৮০ বছরের বেশি সময় ধরে চলে আসা সেই মত ভেঙে ফেলার চেষ্টা করছে। আর কংগ্রেস সরকারও একই অবস্থান নিয়েছে।
অন্যদিকে, কেরলে কংগ্রেসের অন্যতম দলিত মুখ রাম্যা হরিদাস। তাঁর উপরে দলেরই কর্মীদের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। পুলিশ সাজিত ও সাজাদ নামে অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার পাশাপাশি তপশিলি জাতি-উপজাতি হিংসা প্রতিরোধ আইনেও মামলা দায়ের করেছে। বিষয়টি জানাজানি হতেই সরব হয় বিরোধী দলগুলি। এরপরই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় প্রদেশ কংগ্রেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ