নয়াদিল্লি: উত্তরাখণ্ডের হলদোয়ানির রামলীলা ময়দানে দলের একটি সভায় বক্তৃতা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তারপর সেই সভাস্থল ‘শুদ্ধিকরণ’ করেছিল গেরুয়া শিবির। জাতিগত ভেদাভেদের অভিযোগ তুলে এই ঘটনায় বিজেপিকে বিঁধেছিল কংগ্রেস। সেই ঘটনা তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। উত্তাল হয়েছিল রাজ্যসভাও। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে সরব হয়েছিলেন। বিজেপি নেতা জেপি নাড্ডা বলেছিলেন, তাঁদের দল এধরনের কার্যকলাপ সমর্থন করে না। এরইমধ্যে ওই শুদ্ধিকরণ কর্মসূচিকে সমর্থন করে ফের বিতর্ক উসকে দিলেন উত্তরাখণ্ড বিজেপির সভাপতি মহেন্দ্র ভাট। এরপরই ভাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিজেপির কাছে দাবি জানিয়েছে কংগ্রেস। হাতশিবিরের অভিযোগ, ভাট খোলাখুলি অস্পৃশ্যতাকে সমর্থন করেছেন।



