নয়াদিল্লি: উত্তরাখণ্ডে এসআইআর চলছে। এরইমধ্যে বহু ভোটারের নাম বাদের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। যেখানে কংগ্রেস শক্তিশালী, সেই সমস্ত জায়গায় ভোটারদের নাম বাতিলের অভিযোগ তুলেছে হাত শিবির। বিজেপির সঙ্গে যুক্ত কয়েকজন বেছে বেছে ভোটারদের নামে আপত্তি জানাচ্ছেন বলে অভিযোগ। কংগ্রেস নেতা অমরিন্দর বিস্ত বেশ কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে অভিযোগ করেছেন, দেখা যাচ্ছে শুধু মাত্র একজনের অভিযোগের ভিত্তিতে কয়েকশো ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনি আধিকারিককের সঙ্গে দেখাও করে প্রাক্তন বিধায়ক মনোজ রাওয়াতের নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধি দল। বিজেপি বিধায়ক তথা দলের মুখপাত্র বিনোদ চামোলি এই অভিযোগ উড়িয়ে বলেছেন, ‘কোনো নামে আপত্তি উঠলে তিনি যে কংগ্রেসের ভোটার, এমন ধরে নেওয়ার কোনো যুক্তি নেই। আমার ও আমার পরিবারের সদস্যদের নামেও অভিযোগ উঠেছিল।’
অপর একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের পাঁচটি বিধানসভা কেন্দ্রের বিজেপির সঙ্গে যুক্ত পাঁচজন এসআইআর পর্বে ৬,৫০০ ভোটারকে নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ জমা দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, সেই নামগুলির প্রায় সবক’টিই মুসলিম। আরও জানা গিয়েছে, রাজ্যের ৭০টি বিধানসভা এলাকাজুড়ে এই পাঁচজনই সবচেয়ে বেশি সংখ্যক আপত্তি দায়ের করেছেন। তাঁদের এক-একজন ২৩০ থেকে ৪,৮৫৫টি নাম নিয়ে আপত্তি তুলেছেন।
আরও জানা গিয়েছে, গণ আবেদন নিয়ন্ত্রণের জন্য তৈরি নিয়মগুলি ধাপে ধাপে ভেঙে ফেলা হয়েছে। নির্বাচন কমিশনের ২০২৩ ভোটার তালিকা সংক্রান্ত ম্যানুয়ালে বলা হয়েছিল, একজন বুথ-স্তরের এজেন্ট দিনে ১০টির বেশি আবেদনপত্র দাখিল করতে পারবেন না। গত বছর বেশ কয়েকটি রাজ্যে এসআইআর শুরুর আগে কমিশন এই সর্বোচ্চ সীমা বাড়িয়ে দিনে ৫০টি করেছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিককে এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৩ আগস্ট উত্তরাখণ্ডে যাবতীয় অভিযোগ জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। গত ১৪ জুলাই কমিশন খসড়া তালিকা প্রকাশ করে। সেখানে ভোটারের সংখ্যা ৭৯ লক্ষ ৬০ হাজার থেকে কমে ৭১ লক্ষ ৩০ হাজারে দাঁড়িয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
জানা গিয়েছে, উধম সিং নগর জেলার কিচ্ছা বিধানসভা কেন্দ্রে ৪ হাজার ৮৫৭টি আপত্তি জমা পড়েছে। তার মধ্যে ৪,৮৫৫টিই দায়ের করেছেন মাত্র একজন ব্যক্তি—রাজেশ তিওয়ারি। তিনি বিজেপির বুথ লেভেল এজেন্ট। রাজেশের বক্তব্য জানা না গেলেও কিচ্ছার বিধায়ক রাজেশ শুক্লার দাবি, ভোটার তালিকায় ৮ হাজারেরও বেশি এমন নাম রয়েছে, যাঁরা উত্তরপ্রদেশের বেরিলি, পিলভিট ও রামপুরের ভোটার। উধম সিং নগরের গাদারপুরে চঙ্কিত হুরিয়া ৬৭০টি নাম নিয়ে অভিযোগ করেছেন। সেই নামগুলির প্রতিটিই মুসলিম। আবার নানকামাট্টায় দায়ের হওয়া ৩৯১টির মধ্যে ৩৫৩টি অভিযোগই দায়ের করেছেন বিজেপির বিএলএ কিশোর যোশী। সংবাদ মাধ্যমে বিষয়টি সামনে আসতেই এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা।