হায়দরাবাদ: তেলেঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেসের অন্দরের ফাটল প্রকাশ্যে। দু’সপ্তাহ ধরে টানাপোড়েন চলার পর বৃহস্পতিবার রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী কোন্ডা সুরেখাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। কংগ্রেস হাইকমান্ডের তরফে সবুজ সংকেত পাওয়ার পরপরই তাঁকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে পরামর্শ নিয়ে রেড্ডি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। গত ১৯ আগস্ট তরজার সূত্রপাত। সুরেখার মেয়ে সুস্মিতা সরাসরি মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তার জেরেই সুরেখাকে মন্ত্রিত্ব ছাড়তে হল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর সুরেখা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দল ছাড়ছেন না।



