Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বরুণকে নিয়ে উদ্বেগ বাড়ছে নাইট শিবিরে

টানা চার ম্যাচে জয়ের আনন্দের মধ্যেই আশঙ্কার কালো মেঘে ঢাকছে আকাশ। শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বরুণকে নিয়ে উদ্বেগ বাড়ছে নাইট শিবিরে
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: টানা চার ম্যাচে জয়ের আনন্দের মধ্যেই আশঙ্কার কালো মেঘে ঢাকছে আকাশ। শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়েও ফিরেছে। ১০ ম্যাচে পকেটে ৯ পয়েন্টে। বাকি চার ম্যাচের প্রতিটিতেই জিততে হবে অজিঙ্কা রাহানেদের। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসীই থাকার কথা কেকেআরের। কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাঁ পায়ের চোট সামলে তিনি খেলতে পারবেন তো?

Advertisement

সানরাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ট্রাভিস হেডের শট আটকাতে গিয়ে পায়ে চোট পান মিস্ট্রি স্পিনার। তা নিয়েই খেলেন দিল্লি ক্যাপিটালস ম্যাচ। শেষের দিকে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করছিলেন তিনি। তখনই অশনি সংকেত স্পষ্ট ছিল। সমর্থকদের চিন্তা আরও বাড়িয়েছে ভাইরাল হওয়া বরুণের ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, বাঁ পায়ে বিশেষ জুতো পরে ক্রাচ হাতে হাঁটছেন তিনি। চলতি আসরের প্রথম তিন ম্যাচে উইকেট পাচ্ছিলেন না তিনি। চোটও পান। তা সারিয়ে ফেরার পর অবশ্য ছন্দে বরুণ। শেষ ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১০ উইকেট। দুটোতে ম্যাচের সেরাও হয়েছেন। সুনীল নারিন ও অনুকূল রায়ের সঙ্গে বরুণের ত্রিফলা স্পিন আক্রমণ কেকেআরের বড় শক্তিও। তিনি খেলতে না পারলে তাই বড় ধাক্কা খাবে প্লে-অফের আশা। শোনা যাচ্ছে, বুধবার তো বটেই, এবারের কোটিপতি লিগ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ