জরায়ুর জটিল টিউমার অপারেশন হাবড়া হাসপাতালে, স্বস্তিতে পরিবার
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: চিকিৎসার খরচের চিন্তায় অস্ত্রোপচার পিছিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সরকারি হাসপাতালেই মিলল ভরসা। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার হল হাবড়ার ফুলতলার বাসিন্দা বিপুলা দাসের। জরায়ুর টিউমার বাদ দেওয়ার পরে আপাতত সুস্থ রয়েছেন তিনি। স্বস্তি ফিরেছে তাঁর পরিবারেও। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিপুলা। প্রায় দেড় বছর ধরে তাঁকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটেছেন পরিবারের সদস্যরা। একাধিক পরীক্ষার পরে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য প্রায় দেড় লক্ষ টাকা খরচের কথা জানানো হয়। দিনমজুরের কাজ করা বড় ছেলে উজ্জ্বল এবং সিভিক ভলান্টিয়ার ছোট ছেলে উত্তমের পক্ষে সেই টাকা জোগাড় করা সহজ ছিল না। এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বৃহস্পতিবার অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসকেরা। প্রায় দু’ঘণ্টার প্রক্রিয়ায় বাদ দেওয়া হয় জরায়ুর টিউমারটি।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিপুলা। পরিবারের উদ্বেগ অবশ্য শুধু অস্ত্রোপচারের খরচ ঘিরে ছিল না। টিউমারটি ক্যানসার কি না, তা নিয়েও দুশ্চিন্তা ছিল। রিপোর্ট খতিয়ে দেখার পরে চিকিৎসকদের মত, এটি ক্যানসার নয়। হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। পরিকাঠামোর কিছু সীমাবদ্ধতা থাকলেও রোগীদের সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমরা। এদিকে সরকারি হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার হওয়ায় স্বস্তিতে বিপুলার পরিবার। পরিবারের সদস্য উত্তম দাস বলেন, বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য দেড় লক্ষ টাকারও বেশি খরচের কথা বলা হয়েছিল। এত টাকা জোগাড় করতে হিমশিম খেতে হত। সরকারি হাসপাতালে মায়ের অস্ত্রোপচার বিনা খরচে হয়েছে। চিকিৎসকদের কাছে আমরা কৃতজ্ঞ।  নিজস্ব চিত্র