Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নের উদ্যোগে সম্পূর্ণ নিখরচায় সোমনাথ যাত্রা

নবান্নের উদ্যোগে ১১০০ পুণ্যার্থীকে সম্পূর্ণ নিখরচায় সোমনাথ দর্শনে নিয়ে যাওয়া হবে। গুরুত্বপূর্ণ তথ্য জানুন কীভাবে আবেদন করবেন।

নবান্নের উদ্যোগে সম্পূর্ণ নিখরচায় সোমনাথ যাত্রা
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য থেকে ১১০০ জন পুণ্যার্থীকে পুরো নিখরচায় গুজরাতে সোমনাথ দর্শনে নিয়ে যাবে নবান্ন। কলকাতা থেকে গুজরাত পর্যন্ত যাতায়াতের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। আর, সোমনাথে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে গুজরাত সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। সোমনাথ মন্দিরে আক্রমণের এক হাজার বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালে। ১০২৬ সালে গজনভি সাম্রাজ্যের শাসক গজনির মাহমুদ ভারতীয় উপমহাদেশে তাঁর পঞ্চদশ সামরিক অভিযানের সময় আক্রমণ করেন এই মন্দির। পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয় মন্দিরটি। তার দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব—১০০০ ইয়ার্স অব আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র। এর অধীনেই এবার নিখরচায় আরব সাগরের উপকূলে অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ তীর্থস্থানে মধ্যে প্রথমটির দর্শনের সুযোগ পাচ্ছেন বঙ্গবাসী। 

Advertisement

প্রত্যেক জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশসহ শুক্রবার চিঠি দিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন। কোন জেলা থেকে কতজন পুণ্যার্থীকে সুযোগ দেওয়া সম্ভব, তাও বলে দেওয়া হয়েছে। সর্বাধিক ১২৩ জন ও ১১৬ জন যাবেন যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। এক্ষেত্রে কালিম্পং জেলার কোটা সবচেয়ে কম—চার জন।  
পুণ্যার্থী নির্ধারণের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। সম্ভব হলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে নির্বাচনের কথাও বলা হয়েছে। অবিবাহিত, বিধবা বা অন্যকোনো একক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রে একজন সঙ্গীকে অনুমতি দেওয়া যেতে পারে বলেও রাজ্যের চিঠিতে উল্লেখ রয়েছে। তীর্থযাত্রীদের তালিকা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার মন্ত্রী-বিধায়কদের সঙ্গে আলোচনার পাশাপাশি সমাজের নানা অংশ এবং জেলার বিভিন্ন ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের উপর বিশেষ জোর দেওয়া হবে। নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জমা নেওয়া হবে ২০-৩০ জুলাই। সঙ্গে দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার এবং ভোটার কার্ডের তথ্যাদি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ