Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তার কাজ সম্পূর্ণ না করেই ফলক লাগানোয় বিডিওর কাছে অভিযোগ

কৃষ্ণনগরের জালালখালি গ্রামে রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে ফলক লাগানোয় ক্ষুব্ধ বাসিন্দারা বিডিওর কাছে অভিযোগ করেছেন। বিস্তারিত পড়ুন।

রাস্তার কাজ সম্পূর্ণ না করেই ফলক লাগানোয় বিডিওর কাছে অভিযোগ
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: সরকারি প্রকল্পের রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। অথচ প্রকল্পের ফলকে কাজ শেষ হয়ে গিয়েছে বলে উল্লেখ করায়  চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর–১ ব্লকের দোগাছি গ্রাম পঞ্চায়েতের জালালখালি গ্রামে।  জালালখালি গ্রামের খালপাড়ার বাসিন্দাদের অভিযোগ, ২০২৫-’২৬ অর্থবর্ষে ১৫তম এফসি টায়েড ফান্ডের অর্থে একটি ঢালাই রাস্তা তৈরি অনুমোদিত হয়। নির্ধারিত দৈর্ঘ্যের সম্পূর্ণ রাস্তা ঢালাই করা হয়নি। অথচ প্রকল্পের ফলকে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, পুরো কাজ শেষ না করেই কেন ওই ফলক লাগানো হল। এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা কৃষ্ণনগর–১ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement

এবিষয়ে দোগাছি পঞ্চায়েতের প্রধান রন্টু সর্দার বলেন, আমি বিষয়টি খোঁজ নেব। এবিষয়ে খালপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য দিলীপ সরকার বলেন, এটা সত্য যে যতদূর পর্যন্ত কাজ হয়েছে বলে লেখা আছে তা হয়নি। কিন্তু, আমি পঞ্চায়েত থেকে যে ১ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছিলাম তাতে অতটুকু কাজই করা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা চঞ্চল বিশ্বাস বলেন, প্রকল্প অনুযায়ী জালালখালি গ্রামের খালপাড়ার নিরঞ্জন বিশ্বাসের বাড়ি থেকে নিশীথ জোয়ারদারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কথা ছিল। বাস্তবে খালপাড়া থেকে লোকনাথ মন্দির পর্যন্ত রাস্তার ঢালাইয়ের কাজ করা হলেও, এখনো প্রায় ৭০ মিটার রাস্তা ঢালাই হয়নি। কিন্তু, বোর্ড লাগিয়ে দিয়েছে রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। 
অভিযোগকারী নিশীথ জোয়ারদার বলেন, আমরা বিষয়টি পঞ্চায়েতেও জানিয়েছিলাম। শুধু ঢালাই নয়, ওই রাস্তায় প্রয়োজনীয় মাটির কাজও করা হয়নি। দীর্ঘদিন কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আমরা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছি।
সরকারি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, বাকি রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করার  ব্যবস্থা করা হোক। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ