সংবাদদাতা, তেহট্ট: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ায় থানায় অভিযোগ দায়ের হল। তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি-সহ আট জনের বিরুদ্ধে ই-মেলের মাধ্যমে তেহট্ট থানায় অভিযোগ জানিয়েছেন সাংসদ। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠকে যোগ দিতে এসেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর আসার খবর পেয়ে সেখানে বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হন। বৈঠক শেষে সাংসদ দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, সেই সময় মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।



