Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভয় দেখিয়ে চুক্তিপত্রে সই করানোর পর নগদ না দেওয়ার অভিযোগ, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার, প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের শ্যামপুকুর থানায়

ভয় দেখিয়ে ঠিকা জমিতে ফ্ল্যাট তৈরির জন্য প্রোমোটারের সঙ্গে চুক্তি করতে বাধ্য করানো হয়েছে। এমন অভিযোগ কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বাপি ঘোষের বিরুদ্ধে

ভয় দেখিয়ে চুক্তিপত্রে সই করানোর পর নগদ না দেওয়ার অভিযোগ, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার, প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের শ্যামপুকুর থানায়
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয় দেখিয়ে ঠিকা জমিতে ফ্ল্যাট তৈরির জন্য প্রোমোটারের সঙ্গে চুক্তি করতে বাধ্য করানো হয়েছে। এমন অভিযোগ কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বাপি ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, চুক্তি অনুযায়ী ফ্ল্যাট ও দোকান পেলেও  টাকা পাননি অভিযোগকারী। প্রাপ্য টাকা চাইতে গেলে অভিযোগকারীকে ভয় দেখান প্রাক্তন কাউন্সিলার। পালাবদলের পর এমন অভিযোগ জমা পড়েছে শ্যামপুকুর থানায়। প্রাথমিক অনুসন্ধানের পর থানা প্রতারণা, তোলাবাজি সহ একাধিক ধারায় কেস রুজু করেছে বাপি ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ প্রোমোটারের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে থানা। অনিতা সাউ নামে এক মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামীর ঠিকা জমি রয়েছে শ্যামপুকুর এলাকার গোপীমোহন দত্ত লেনে। ২০২০ সালে তাঁর স্বামীর কাছ থেকে জমি নেওয়া হয় ফ্ল্যাট তৈরির জন্য। কাউন্সিলার বাপি ঘোষ ও তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার দেবব্রত আকুলি জোর করে চুক্তি স্বাক্ষরে বাধ্য করেন। তাতে উল্লেখ করা হয়, নির্মাণ শেষে তাঁদের একটি ফ্ল্যাট, দোকান ও নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হবে। বছর দু’য়েকের মধ্যে ফ্ল্যাট তৈরি হয়ে যায়। অনিতাদেবীর স্বামীকে ফ্ল্যাট ও দোকান দেওয়া হয়। এরপর চুক্তিপত্র নিয়ে প্রোমোটারের কাছে যান অনিতার স্বামী। স্ত্রীর অভিযোগ, টাকা দেওয়া তো দূর, উল্টে তাঁদের ভয় দেখানো হয়। এজন্য ফল ভুগতে হবে বলেও শাসানো হয়েছিল। এতদিন চুপচাপ বসেছিলেন অনিতাদেবীর স্বামী। পালাবদলের পর তাঁর স্ত্রী কয়েকদিন আগে শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে পুলিশ। তাতে অভিযোগের বাস্তবতা খুঁজে পাওয়া গেলে পুলিশ ওই কাউন্সিলার ও প্রোমোটারের বিরুদ্ধে কেস রুজু করে। অভিযুক্ত কাউন্সিলার বাপি ঘোষের বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি কাউকে শাসাননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ