Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কর্মচারীর হয়ে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে পারে সংস্থাও , নিয়ম আনছে সেবি

মিউচুয়াল ফান্ডে থার্ড পার্টি পেমেন্টের রাস্তা খুলতে চায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। এই বিষয়ে নয়া নিয়ম আনতে চায় তারা।

কর্মচারীর হয়ে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে পারে সংস্থাও , নিয়ম আনছে সেবি
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিউচুয়াল ফান্ডে থার্ড পার্টি পেমেন্টের রাস্তা খুলতে চায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। এই বিষয়ে নয়া নিয়ম আনতে চায় তারা। তার জন্য একটি খসড়া নীতি আনা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতামত নিয়েই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সেবির হোলটাইম মেম্বার অমরজিৎ সিং। কলকাতায় বণিকসভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।  মিউচুয়াল ফান্ডে থার্ড পার্টি পেমেন্ট কী? সংশ্লিষ্ট মহলের উদাহরণ, যদি কোনো কর্মদাতা সংস্থা তার কর্মচারীর বেতন থেকে নির্দিষ্ট একটি টাকা কেটে নেয় এবং সেই টাকা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (এসআইপি) মতো কোনো প্রকল্পে কর্মচারীর হয়ে রাখে, তাহলে সেটি থার্ড পার্টি পেমেন্ট। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে কর্মচারীর নামে সঞ্চয় হলেও, তা মেটাবে কর্মদাতা সংস্থা। সেবি যে নয়া নিয়ম আনতে চলেছে, সেখানে শেয়ার বাজারে নথিভুক্ত কোনো সংস্থা, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আওতাভুক্ত কোনো সংস্থা (যেখানে বেসরকারি সংস্থার কর্মীরা পিএফের সুবিধা পান) বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আওতাভুক্ত কর্মচারীদের জন্য এই সুযোগ চালু হতে পারে। অন্যদিকে, অ্যাসেট ম্যানজেমেন্ট সংস্থা যদি তার ডিস্ট্রিবিউটরদের প্রাপ্য কমিশন নগদ টাকার বদলে মিউচুয়াল ফান্ড প্রকল্প দেয়, তাও থার্ড পার্টি পেমেন্ট হিসেবে গ্রাহ্য হবে। অমরজিৎ সিংয়ের কথায়, এই ব্যবস্থা হবে স্বচ্ছ এবং তা অডিটের আওতায় থাকবে। যখন কর্মচারী বা ডিস্ট্রিবিউটর মিউচুয়াল ফান্ড ভাঙিয়ে টাকা তুলবেন বা ভিডিডেন্ড পাবেন, তা যাতে তাঁরই ব্যাংক অ্যাকাউন্টে যায়, তা নিশ্চিত করা হবে। সেবির ওই সদস্য একই সঙ্গে জানিয়েছেন, কোনো দাতব্য প্রতিষ্ঠানে নগদে দানের যে প্রথা চালু আছে, তার পরিবর্তে দানের কিছু অংশ মিউচুয়াল ফান্ড হিসাবে দেওয়া যায় কি না, সেই বিষয়েও উদ্যোগ নিচ্ছে সেবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ