Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সামসী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঝুঁকি নিয়ে চলছে ওঠানামা, দ্রুত পদক্ষেপ চান ক্ষুব্ধ যাত্রীরা

সামসী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে জায়গা কম থাকায় দূরপাল্লার ট্রেনের একাধিক কামরা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে পড়ছে বলে অভিযোগ।

সামসী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঝুঁকি নিয়ে চলছে ওঠানামা, দ্রুত পদক্ষেপ চান ক্ষুব্ধ যাত্রীরা
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: ট্রেন দাঁড়াচ্ছে স্টেশনে। কিন্তু যাত্রীদের একাংশ নামার সুযোগ পাচ্ছেন না প্ল্যাটফর্মে। সামসী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে জায়গা কম থাকায় দূরপাল্লার ট্রেনের একাধিক কামরা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে পড়ছে বলে অভিযোগ। ফলে যাত্রীদের রেললাইনে থাকা পাথরে পা দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। যাত্রীদের দাবি, বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে প্রায় পাঁচটি কামরা প্ল্যাটফর্মের বাইরে চলে যায়। সেসময় ঝুঁকি নিয়ে শিশু, মহিলা, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ওঠানামা করতে হয়। সামসী হয়ে প্রতিদিন কলকাতা, শিয়ালদহ, কাটিহার ও শিলিগুড়ি সহ দূর পাল্লার ট্রেন চলে। বিভিন্ন কাজে সামসী স্টেশনের উপর নির্ভরশীল রতুয়া, মালতীপুর ও চাঁচল বিধানসভার লক্ষাধিক মানুষ। কিন্তু ওই স্টেশনে একাধিক সমস্যা রয়েছে বলে অভিযোগ।  যাত্রী সংখ্যা অনুযায়ী ২ নং প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জন্য আরও শেড, শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থার দাবিও উঠেছে। জানা গিয়েছে, ২০২৩ সালের আগস্ট মাস থেকে সামসী স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তিন বছর পরেও কাজ শেষ হয়নি বলে অভিযোগ। স্টেশনের লিফট বসানোর কাজও অসম্পূর্ণ। ফলে সিঁড়ি ব্যবহার করে ফ্লাইওভার দিয়ে প্লাটফর্মে পৌঁছতে সমস্যায় পড়ছেন বয়স্ক ও বিশেষভাবে সক্ষম যাত্রীরা। 

Advertisement

নিত্যযাত্রী মতিউর রহমান বলেন, ট্রেনের কয়েকটি কামরা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়তে হয়। প্ল্যাটফর্মটি বাড়ানো দরকার। স্থানীয় নিতাই দাস বলেন, অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে স্টেশনের চেহারা বদলে যাবে। কিন্তু কাজ শেষ হচ্ছে কই? সামসী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজয় কুমার শর্মা বলেন, এলাকার যাত্রীদের সুবিধার জন্য আলো, শৌচালয় ও পানীয় জলের মতো একাধিক সমস্যার কথা সাংসদ ও রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উত্তর মালদহের সাংসদ তথা রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য খগেন মুর্মু বলেন, ২ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানো সম্ভব হচ্ছে না। কারণ, সেটি বাড়ালে ট্রেনের সিগন্যালের সমস্যা হবে। অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ