প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে ফের ফিরহাদের কোম্পানিতে কমিশন
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে ফের হানা। নিউ আলিপুরে ফিরহাদ হাকিমের পলিমার কোম্পানিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে দ্বিতীয়বারের জন্য অভিযান চালান কমিশনের আধিকারিকরা। সংশ্লিষ্ট জমি ও কারখানার নথিপত্র যাচাই করতে যান তাঁরা। দীর্ঘক্ষণ কোম্পানির পদস্থ কর্তাদের জিজ্ঞাসাবাদ করেন কমিশনের সদস্যরা। তদন্তকারীদের সঙ্গে সেখানে হাজির ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরাও। জমিতে কারখানা তৈরির অনুমোদন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নথি যাচাই করে পুরসভাও। 

Advertisement

এর আগে সেপ্টেম্বর মাসে প্রথমবার নিউ আলিপুরের হাকিম পলিমেকার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হানা দেয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত কমিশন। কমিশন সূত্রে খবর, এই কোম্পানি কলকাতার প্রাক্তন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদের হাকিমের। এই কোম্পানিতে তাঁর মেয়েরও অংশ রয়েছে। অভিযোগ, ওয়াকফ বোর্ডের জমি বেআইনিভাবে দখল করে এই পলিমেকার তৈরি হয়। বর্তমান সরকারের আমলে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত কমিশন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। তার তদন্তেই এদিন সকালে ফের সেখানে যান কমিশনের চারজন সদস্য। তারা যাওয়ার আগে সেখানে গিয়েছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তবে তদন্ত কমিশন যাওয়ার আগেই তিনি বেরিয়ে যান বলে জানান কোম্পানির কর্মচারীরা। প্রায় ঘণ্টা দু’য়েক কোম্পানির কর্মীদের জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বের হয়ে যান কমিশনের সদস্যরা।