নিজস্ব প্রতিনিধি কলকাতা: প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলে নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আজ সোমবার রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গেও হবে বৈঠক। জানা গিয়েছে, রাজ্যের নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভার্চুয়াল বৈঠকে বসবে তারা। সকালে বৈঠকে থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনি আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা। বিকেলে কমিশনের বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার। এছাড়া আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশন। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচনের মোট কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।



