Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বুথের পাশে ‘ডিলিটেড’ ভোটার দেখলেই সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের

নাম বাদ যাওয়া ভোটাররা কোনো নথি নিয়ে বুথের চারপাশে এলেই তাঁদের সরিয়ে দিতে হবে। নজর রাখতে হবে তাঁরা যেন কোনোভাবেই ভোট দিতে না পারেন। একশো মিটারের চৌহদ্দিতে যেন তাঁরা ঢুকতে না পারেন।

বুথের পাশে ‘ডিলিটেড’ ভোটার দেখলেই সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা; নাম বাদ যাওয়া ভোটাররা কোনো নথি নিয়ে বুথের চারপাশে এলেই তাঁদের সরিয়ে দিতে হবে। নজর রাখতে হবে তাঁরা যেন কোনোভাবেই ভোট দিতে না পারেন। একশো মিটারের চৌহদ্দিতে যেন তাঁরা ঢুকতে না পারেন। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কাছে বিশেষ নজরদারির নির্দেশ গেল কমিশনের তরফে। পাশাপাশি বুথের ক্যামেরা চলছে কি না এবং ঠিকমতো জায়গায় সেটি ফিট করা আছে কি না তা ভোটকর্মীদের দেখে নিতে হবে।  তার রিপোর্ট কমিশনে জমা দেবেন ভোটকর্মীরা।

Advertisement

কমিশনের নজরে এসেছে, প্রথম পর্যায়ের ভোটে বেশকিছু জায়গায় নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিয়ে চলে গিয়েছেন! অন্যের স্লিপ ব্যবহার করে ইভিএমের বোতাম টিপেছেন তাঁরা। এই ঘটনায় রীতিমতো চিন্তিত কমিশনের কর্তারা। কাঁটাছেঁড়ার পর তারা জানতে পারছে, সংশ্লিষ্ট জায়গায় চেকিংয়ের ক্ষেত্রে গাফিলতি ছিল। পাশাপাশি কমিশনের এও নজরে এসেছে যে, অনেক জায়গাতেই ক্যামেরা যেখানে ফিট করা দরকার সেখানে তা করা হয়নি। এই কারণে ভোটারদের আসা-যাওয়ার ছবি বা বুথের বাইরে কেউ তাঁদের ভয় দেখাচ্ছে কি না, তা ধরা পড়েনি। 
দ্বিতীয় দফায় এই ছোটোখাটো ভুলত্রুটি শুধরে নিতে চায় কমিশন। তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে, ‘ডিলিটেড’ ভোটারদের উপর। কমিশন সূত্রের খবর, বিএলওদের কাছে নির্দেশ গিয়েছে যিনি ভোট দিতে আসছেন তাঁর নথি ভালো করে পরীক্ষা করতে হবে। একজন ভোটার যে স্লিপ নিয়ে এসেছেন সেটি তাঁর নাকি অন্যকারো তা বিশেষ সতর্কতার সঙ্গেই যাচাই করতে হবে। স্লিপে দেওয়া তথ্যের সঙ্গে ভোটার কার্ডের তথ্য মিলিয়ে দেখবেন বিএলওরা। এই কাজে তাঁকে সাহায্য করবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নাম বাদ যাওয়া কোনো ভোটার বুথের চারপাশে  ঘোরাফেরা করলে বা বুথের ভিতর ঢোকার চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই তাঁকে ওই এলাকা থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। দায়িত্বটি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। এমনকি, ভোটের আগের রাতে বাইরের কোনো লোক যাতে বুথের ভিতর ভোটকর্মীদের জন্য খাবারদাবার নিয়ে না যেতে পারেন, সেটিও নজর রাখবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এমনকি, কেউ কথা পর্যন্ত বলার জন্য যেন সেখানে ঢুকতে না পারেন। 
কমিশনের কাছে খবর, দ্বিতীয় দফার ভোটে ভোটকর্মীদের এভাবে প্রভাবিত করার অপচেষ্টা হতে পারে। বুথে ডিউটিতে যোগ দেওয়ার পর প্রিসাইডিং অফিসারসহ ভোটকর্মীদের ছবি পোস্ট করতে হবে। বুথের ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, তা চেক করে নেওয়ার দায়িত্ব ভোটকর্মীদের। বাহিনীও এই বিষয়টি হাতেকলমে দেখে নেবে। বুথের ভিতর ও বাইরে বসানো ক্যামেরাগুলি যথাস্থানে বসেছে কি না তা বাহিনী ও পুলিশ অফিসাররা দেখে নেবেন। প্রয়োজনে বিশেষজ্ঞ ডেকে এনেই ক্যামেরাগুলি ঠিক জায়গায় বসাতে হবে। নির্দেশ দিয়েছে ইসিআই।

Advertisement
সম্পর্কিত সংবাদ