নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের মন্তব্যের পাল্টা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি ইউনুসের নাম না করেই কড়া সুরে জয়শঙ্কর বলেছেন, ‘পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়কে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি হিসেবেই বিবেচনা করে নয়াদিল্লি। এখানে বেছে বেছে একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরাটা (চেরি পিকিং) ঠিক নয়।’ সম্প্রতি চীন সফরে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন মহম্মদ ইউনুস। বাংলাদেশকে ‘বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক’ আখ্যা দেওয়ার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতকে ‘স্থলভাগ বেষ্টিত’ বলেও মন্তব্য করেছিলেন।
বৃহস্পতিবার বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন সামিটে যোগ দিতে এসে ইউনুসের মন্তব্যের জবাব দেন জয়শঙ্কর। সরকারি বিবৃতিতে তিনি বলেন, ‘বঙ্গোপসাগর লাগোয়া প্রায় ৬ হাজার ৫০০ কিমি উপকূল রয়েছে ভারতের। বিমস্টেক গোষ্ঠীর সদস্যরা অর্থাৎ বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশের শুধু সীমান্তেরই যোগ রয়েছে এমন নয়, দেশগুলির পারস্পরিক সংযোগের অন্যতম মাধ্যম হিসেবেও ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছেন। আমাদের উত্তর-পূর্বাঞ্চল যথার্থ ভাবেই বিমস্টেকের কানেক্টিং হাব।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘আমাদের দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন। এনিয়ে কোনও অনভিপ্রেত মন্তব্য আমাদের পছন্দ নয়।’ জয়শঙ্করের মন্তব্যের পরই অবশ্য ইউনুসের হয়ে ব্যাট ধরেন তাঁর মুখ্য প্রতিনিধি খলিলুর রহমান। ড্যামেজ কন্ট্রোলে নেমে তাঁর সাফাই, ‘উনি সৎ উদ্দেশ্য থেকেই ওই মন্তব্য করেছেন। যদি কেউ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন, তাহলে আমাদের কিছু বলার নেই।