নয়াদিল্লি: আগাম নোটিস না পাঠিয়ে ও বক্তব্য পেশের সুযোগ না দিয়ে কোনো জীবিত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না। রবিবার হায়দরাবাদে নালসার আইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান। সারা দেশে এসআইআর নিয়ে বিতর্কের আবহে তিনি সাফ জানান, যে প্রক্রিয়া লক্ষ লক্ষ ভারতীয় নাগরিককে ‘ভোটাধিকার থেকে বঞ্চিত করে’ সেটি ‘স্বভাবতই স্বেচ্ছাচারী’ এবং সাংবিধানিক ব্যবস্থার ‘অবমাননা’। জনপ্রতিনিধি আইনের ২২ ধারার উল্লেখ করে বিচারপতি ভুয়ানের বক্তব্য ছিল, উপযুক্ত প্রক্রিয়া না মেনে নাম ছেঁটে ফেলা যায় না। বিচারপতি ভুয়ানের ওই মন্তব্যের এবার কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর পালটা বক্তব্য, শীর্ষ আদালতে বিচারাধীন কোনো বিষয়ে সুপ্রিম কোর্টেরই একজন কর্মরত বিচারপতির এভাবে প্রকাশ্যে মন্তব্য করা উচিত নয়। একইভাবে সরব হয়েছেন দিল্লি হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এস এন ধিংরা এবং আর এস সোধি।



