Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বিতীয় দফার আগে শেষ রবিবারে হাওড়ায়  রঙিন প্রচার, নজরে তৃণমূলের রোড শো

দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে শেষ রবিবারে হাওড়ায় জমে উঠল প্রচারের লড়াই। আগামী ২৯ এপ্রিল রাজ্যের ছ’টি জেলার সঙ্গে হাওড়াতেও বিধানসভা নির্বাচন।

দ্বিতীয় দফার আগে শেষ রবিবারে হাওড়ায়  রঙিন প্রচার, নজরে তৃণমূলের রোড শো
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে শেষ রবিবারে হাওড়ায় জমে উঠল প্রচারের লড়াই। আগামী ২৯ এপ্রিল রাজ্যের ছ’টি জেলার সঙ্গে হাওড়াতেও বিধানসভা নির্বাচন। ভোটের ঠিক তিনদিন আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসভার তুলনায় রোড’শোতেই বেশি জোর দিয়ে জনসংযোগে নামেন, আর তাতেই শহরের একাধিক এলাকা কার্যত উৎসবের আবহে মেতে ওঠে।

Advertisement

শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হুডখোলা গাড়িতে চেপে রোড’শো করেন। টিকিয়াপাড়া রেল স্টেশন থেকে বেলগাছিয়া পর্যন্ত এই মিছিলজুড়ে ছিল উল্লেখযোগ্য জনসমাগম। রোড’শো থেকে সোরেন বলেন, ‘এটি শুধু বাংলার ভোট নয়, একদিকে দেশের গরিব মানুষ, অন্যদিকে কোটিপতিদের লড়াই।’ মহিলা ঢাকিদের অংশগ্রহণে রোড’শো আরও বর্ণময় হয়ে ওঠে। অন্যদিকে, বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর সমর্থনে লিলুয়ার গভর্নমেন্ট কোয়ার্টার থেকে গোবিন্দ কাঁটা পর্যন্ত রোড’শো করেন আরজেডি নেতা তেজস্বী যাদব ও রাজ্যের বিদায়ী মন্ত্রী মানস ভুঁইঞা। পাশাপাশি উত্তর হাওড়ায় গৌতম চৌধুরী এবং দক্ষিণ হাওড়ায় নন্দিতা চৌধুরীর সমর্থনে জনসভায় অংশ নেন তেজস্বী। শালিমারের সভায় তিনি বলেন, ‘বাংলায় বহু প্রজন্ম ধরে বিহারি ও বাঙালির সহাবস্থান রয়েছে। একসঙ্গে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না।’
উত্তর হাওড়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও হুডখোলা গাড়িতে রোড’শো করেন। তাঁকে দেখতে রাস্তায় মানুষের ভিড় উপচে পড়ে। এদিন মধ্য হাওড়ায় বেজপুকুর সুইমিং পুল থেকে মল্লিক ফটক পর্যন্ত তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে জনসংযোগ মিছিল হয়। তবে ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি দিনভর বাড়ি-বাড়ি প্রচারেই জোর দেন। বিরোধী শিবিরও প্রচারে পিছিয়ে ছিল না। সিপিএম প্রার্থী ইমতিয়াজ আহমেদ শিবপুর রোডে ঢাক বাজিয়ে মিছিল করেন। বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল ও কংগ্রেস প্রার্থী অপর্ণা বোস নেতাজি সুভাষ রোডে প্রচারে নজর কাড়েন। ফরওয়ার্ড ব্লকের জগন্নাথ ভট্টাচার্য টোটো ও বাইক র‍্যালিতে শিবপুরে রোড’শো করেন। এছাড়াও কংগ্রেস প্রার্থী শ্রাবন্তী সিংয়ের সমর্থনে অলকা লাম্বা জাপানি গেট থেকে দাশনগর পর্যন্ত রোড’শো করেন। ভোটের আগে শেষ রবিবারে এভাবেই বহুমুখী প্রচারে সরগরম হয়ে ওঠে হাওড়া।
ছবি আছে

Advertisement
সম্পর্কিত সংবাদ