Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কলম্বিয়ার নায়ক ডিয়াজ, বসনিয়াকে হারাল সুইসরা

জয় দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল কলম্বিয়া। বৃহস্পতিবার গ্রুপ কে’র ম্যাচে লুইস ডিয়াজের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারায় লাতিন আমেরিকার দেশটি।

কলম্বিয়ার নায়ক ডিয়াজ, বসনিয়াকে হারাল সুইসরা
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: জয় দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল কলম্বিয়া। বৃহস্পতিবার গ্রুপ কে’র ম্যাচে লুইস ডিয়াজের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারায় লাতিন আমেরিকার দেশটি। বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড লক্ষ্যভেদের পাশাপাশি সতীর্থের গোলেও রাখলেন অবদান।

Advertisement

ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল কলম্বিয়া। কিন্তু শুরু থেকেই তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে উজবেকিস্তান। অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের অভিষেক ম্যাচে লড়াকু মানসিকতার পরিচয় রাখল ফ্যাবিও ক্যানাভারোর দল। তবে ফারাক গড়ে দিলেন ডিয়াজ। ৪০ মিনিটে তাঁর পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ (১-০)। এরপর ৬০ মিনিটে ফয়জুল্লায়েভের গোলে সমতা ফেরায় উজবেকিস্তান (১-১)। কিন্তু ৫ মিনিট বাদেই ডিয়াজের গোলে ফের এগিয়ে যায় কলম্বিয়া (২-১)। শেষ মুহূর্তে হেডে ব্যবধান ৩-১ করেন জামিনটন ক্যাম্পাজ।
দিনের অন্য ম্যাচে বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইৎজারল্যান্ড। ৭৪ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। শেষ ১৬ মিনিটের ঝড়ে বাজিমাত সুইস ব্রিগেডের। জোড়া গোলে জয়ের নায়ক জন মানজাম্বি। বাকি দুই গোল রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা (পেনাল্টি)। শেষদিকে বসনিয়ার হয়ে এক গোল শোধ দেন আরমিন মাহামিচ। ৮০ মিনিটে লালকার্ড দেখেন বসনিয়ান ফুটবলার মুহারেমোভিচ।
অন্যদিকে, মুখোমুখি হয়েছিল ঘানা ও পানামা। গ্রুপ এল-এর এই ম্যাচে কালেব ইরেঙ্কির সংযোজিত সময়ের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ল ঘানা (১-০)। এছাড়া চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ ১-১ গোলে শেষ হয়।
এদিকে, শনিবার মরক্কোর সামনে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটরা। তবে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে আত্মবিশ্বাসে ভরপুর মরক্কো। দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রশ্নে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। অপর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আমেরিকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ